সেবা বাড়াতে সহযোগিতা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সেবা বাড়াতে সহযোগিতা চেয়েছেন চিকিৎসকেরা। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি বার্ন ইউনিটকে ৫০ লাখ টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে ইউনিটটি কিছু জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনে। রোববার ওই সরঞ্জামগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে চিকিৎসকেরা বলেন, বার্ন ইউনিটে রোগীদের ড্রেসিং এখনো সনাতন পদ্ধতিতে করা হয়। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসা ও শ্বাসযন্ত্র পোড়া রোগীর পরিপূর্ণ চিকিৎসা দেওয়া যাচ্ছে না। ইউনিটে প্রশিক্ষিত জনবল থাকলেও যন্ত্রপাতি না থাকায় সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে তাঁরা উল্লেখ করেন।
আতিউর রহমান বার্ন ইউনিটের এসব তথ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে উপস্থাপনের আহ্বান জানান। তিনি বাংলাদেশ ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলোকেও এগিয়ে আসার কথা বলেন। এ ছাড়া বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা করায় এক্সিম ব্যাংককে ধন্যবাদ দেন তিনি।
বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অবৈতনিক উপদেষ্টা সামন্তলাল সেন দেশের সব সরকারি মেডিকেল কলেজে আগুনে পোড়া রোগীর চিকিৎসাসুবিধা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, অতিরিক্ত রোগী থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অনেকেÿক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেও রোগীকে বাঁচানো যাচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ১০০ শয্যার বার্ন ইউনিটে ৪৫০ রোগী চিকিৎসাধীন। রাজস্ব খাতে না যাওয়ায় সামান্য অনুদানের ওপর ভিত্তি করে ইউনিটটি চলছে। প্রকল্পের যে অনুদান তাতে দু-তিন মাসের বেশি চলা যায় না।
প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম বলেন, যারা অগ্নিদগ্ধ হচ্ছে, বড় অংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেই। তাই তাদের প্রায়ই পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। প্রশিক্ষিত চিকিৎসক আছেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি পেলেই পঙ্গুত্বকে প্রতিরোধ করা যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার আজিম মিয়া প্রমুখ।