সেবা মিলছে সহজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনপাড়ার দুই বন্ধু মামুন খান ও ইয়াসিন আলী সফটওয়্যার ফার্ম খুলতে চান। এ জন্য ট্রেড লাইসেন্সের ব্যাপারে কথা বলতে তাঁরা এসেছিলেন মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪–এর কার্যালয়ে।
কার্যালয় থেকে বের হওয়ার সময় কথা হয় মামুন খান ও ইয়াসিন আলীর সঙ্গে। তাঁরা বললেন, ট্রেড লাইসেন্সের ব্যাপারে করণীয় সম্পর্কে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ভিড় কম থাকায় বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি।
গতকাল ডিএনসিসি অঞ্চল-৪–এর কার্যালয়ে সেবা নিতে আসা অন্তত ১০ জনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেছেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁরা সেবা পেয়েছেন।
পল্লবীর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সাইদুল হক এসেছিলেন তাঁর নাতনির জন্মসনদ নিতে। তিনি বললেন, সহজেই তিনি জন্মসনদ পেয়ে গেছেন।
অঞ্চল-৪–এর কার্যালয়ের পাশের বেনারসিপল্লি এলাকার মুস্তাফিজুর রহমান নির্ধারিত সময়ের মধ্যেই গৃহকর পরিশোধ করেছিলেন। এরপরও কর পরিশোধের তাগাদা দিয়ে তাঁর কাছে চিঠি পাঠানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কর কর্মকর্তার সঙ্গে দেখা করার পর তাঁর সেই সমস্যা অল্প সময়ের মধ্যে মিটে গেছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই ভুলের জন্য কর কর্মকর্তা আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। ১৫ মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেছে।’
কার্যালয়ে দায়িত্বরত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বলেন, এখানে সেবা নিতে আসা বেশির ভাগ লোক ভিড় করেন দোতলার ২০৭ নম্বর কক্ষে। এই কক্ষে জন্মনিবন্ধন আবেদনপত্র জমা নেওয়া হয়। এখানে প্রতিদিন গড়ে ৫০ জনের মতো মানুষ জন্মনিবন্ধন সনদের জন্য আসেন।
ট্রেড লাইসেন্সের বিষয়ে কার্যালয়ের কর কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন বলেন, ‘এখান থেকে মোট ২৯৫ ধরনের ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ট্রেড লাইসেন্স নিতে আসেন। সাধারণত আবেদনের তিন দিনের মধ্যেই আমরা লাইসেন্স দিয়ে দিই। যদিও এর জন্য নির্ধারিত সময় সাত দিন।’
কার্যালয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ বলেন, জন্ম-মৃত্যুনিবন্ধন সনদ প্রদান ও ট্রেড লাইসেন্স প্রদানের বাইরে এই কার্যালয় থেকে শিশুদের জন্য সরকারি টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া মশক নিধন কার্যক্রম, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সড়ক বাতি লাগানোর কাজ করা হয়।