সংবাদপত্রশিল্পের প্রতি উদাসীনতা ও অসহযোগিতামূলক মনোভাব লক্ষ করছে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ। সংগঠনটির এক বিবৃতিতে সোমবার বলা হয়েছে, বিভিন্ন সময়ে সংবাদপত্রগুলোর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে দাবিদাওয়া পেশ করা হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করা গেছে যে সরকারের পক্ষ থেকে কখনোই সেগুলো আমলে নেওয়া হয়নি। এমনকি সেবা শিল্প হিসেবে সংবাদপত্র কোনো সহযোগিতা পায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান করোনাকালীন সংকটে বিশ্ব উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সব অর্থনৈতিক গতিশীলতা ও স্বাভাবিক জীবন থমকে গেছে। এমন অবস্থায় সংবাদপত্রশিল্প অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে সংবাদপত্রশিল্পও প্রকটভাবে একই পরিস্থিতি মোকাবিলা করছে। পাঠক ও পত্রিকার প্রচারসংখ্যা কমে গেছে। বিজ্ঞাপনও কমে গেছে আশঙ্কাজনকভাবে।
এই পরিস্থিতিতে ঝুঁকির সম্মুখীন শিল্পকে টিকিয়ে রাখতে এবং পত্রিকাগুলোর প্রকাশনা অব্যাহত রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে বলে সম্পাদক পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক নঈম নিজামের সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, পত্রিকার পৃষ্ঠাসংখ্যা কমিয়ে, প্রশাসনিক ও অন্যান্য ব্যয় সংকোচন করেও এই অনিশ্চিত পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এমন অবস্থা বাংলাদেশের সংবাদপত্রের জগতে আগে কখনো আসেনি। এমন অবস্থার মধ্যেও সব প্রতিকূলতা সামলে পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা হয়েছে। পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার কাজ বাধাগ্রস্ত হতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে আরও বলা হয়, ‘তথ্য বর্তমান পৃথিবীতে জনগণের অধিকার রক্ষার এক অন্যতম পূর্বশর্ত। এই বৃহত্তর স্বার্থে সংবাদপত্র সবার সহযোগিতা দাবি করতে পারে। বর্তমানের এই বিশেষ পরিস্থিতিতে আমরা পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকারসহ সংশ্লিষ্ট সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাই।’
বাংলাদেশে সংবাদপত্র একটি সেবা শিল্প হিসেবে স্বীকৃত—এ কথা উল্লেখ করে সম্পাদক পরিষদ জানায়, এই শিল্পের প্রথম লক্ষ্য বৃহত্তর পরিসরে দেশ ও জনগণের সেবা করা। কিন্তু এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাহায্য ও সহযোগিতা সংবাদপত্রশিল্প কখনো পায়নি। এমনকি মুনাফাকারী সাধারণ শিল্পগুলো যে সহযোগিতা পায়, সংবাদপত্রশিল্প তা থেকেও বঞ্চিত। দেশের এই গুরুত্বপূর্ণ সেবা শিল্পের প্রতি উদাসীনতা ও অসহযোগিতামূলক মনোভাব লক্ষ করার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে।
সম্পাদক পরিষদ বলেছে, করোনাকালীন পরিস্থিতিতে সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ অব্যাহত রেখে জনগণের প্রতি তাঁদের দায়বদ্ধতা প্রমাণ করে যাচ্ছেন। কিন্তু দিনে দিনে তাঁদের পেশাগত ঝুঁকি বেড়েই যাচ্ছে। তাঁদের কাজ করতে হচ্ছে নানাবিধ চাপ ও হুমকির মুখে। সংবাদ প্রতিষ্ঠান ও সংবাদকর্মীরা সেলফ সেন্সরশিপ অবলম্বন করতে বাধ্য হচ্ছেন, যা একটি সুস্থ ও স্বচ্ছ প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থা গড়ে ওঠার জন্য অত্যন্ত নেতিবাচক।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে দেশের যত্রতত্র সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আর এ জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। এর তীব্র বিরোধিতা করে সংগঠনটি বলেছে, সংবাদপত্র ও সংবাদকর্মীদের আলাদা রক্ষাকবচ সম্পূর্ণ অনুপস্থিত। সেখানে এর বিপরীতে এমন নেতিবাচক আইনি পরিস্থিতিতে ডিজিটাল আইনের প্রয়োজনীয় সংশোধন অতি জরুরি হয়ে পড়েছে।
অনলাইনে সংবাদ সরবরাহের জন্য সংবাদপত্রগুলোর আলাদা সরকারি অনুমোদন লাগবে মর্মে সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে সম্পাদক পরিষদের অবস্থান হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলোর যেমন অনলাইন সংবাদ সরবরাহের জন্য আলাদা করে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, সংবাদপত্রের ক্ষেত্রেও তেমন হওয়া যৌক্তিক। কারণ, সংবাদপত্রগুলো টেলিভিশন চ্যানেলের মতোই সরকারের অনুমোদন নিয়ে প্রকাশিত হয়। এ রকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথ সভায়। অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রথম দফায় নিবন্ধনের জন্য ৩৪টি নিউজ পোর্টালের তালিকা প্রকাশ প্রসঙ্গে বলা হয়, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি এই তালিকায় দেশের পরিচিত, প্রধান ও গ্রহণযোগ্য সংবাদপত্রগুলোর পোর্টালের নাম নেই। আমরা এই বিষয়ে সরকারের কাছ থেকে দ্রুত ও যৌক্তিক সমাধান আশা করি।’