ঢাকা মেট্রোরেলের জন্য মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন সরানো ও বসানোর কাজ শুরু হচ্ছে আজ মঙ্গলবার রাত থেকে। প্রথমে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত অংশে উচ্চক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক লাইন বসাবে। এ জন্য সড়কের পূর্ব পাশের মাঝখানের লেন দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। এই অবস্থা চলবে প্রায় আড়াই মাস।
মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) সূত্র বলেছে, আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত মাটির নিচে পিজিসিবির বিদ্যুতের যে লাইন আছে, তা মেট্রোরেলের লাইনের মাঝখানে পড়েছে। পিজিসিবি জানিয়েছে, পুরোনো তার আর সরানো যাবে না। নতুন গর্ত করে আরেকবার তার বসাতে হবে। এ কাজই আজ রাত ১০টায় আগারগাঁও থেকে শুরু হবে। চলবে ভোর ৬টা পর্যন্ত। প্রতিদিন রাতের এই সময়ে কাজ হবে।
আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়ক ছয় লেনের। এর মাঝখানে রয়েছে সড়ক বিভাজক। দুই পাশে তিন লেন করে। পিজিসিবি নতুন তার বসানোর জন্য সড়কের পূর্বাংশে মাঝখানের লেনে চার ফুট চওড়া গর্ত করবে।
জানতে চাইলে মেট্রোরেল প্রকল্পের পরিচালক মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পিজিসিবির লাইনটি ৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ। এই লাইন বসাতে আড়াই মাস লাগতে পারে। মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে রাতে কাজ হবে। এরপরও মানুষের কষ্ট হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আশার বিষয় হচ্ছে, মেট্রোরেল ঢাকাবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসবে।’ কাজ চলাকালীন অসুবিধার জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ব্যানার ও সাইনবোর্ড বসানো হবে বলেও তিনি জানান।
প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী, আগারগাঁও, ফার্মগেট ও জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিল যাবে। পথে ১৬টি স্থানে স্টেশন হবে। ইতিমধ্যে উত্তরায় এর ডিপো উন্নয়নের কাজ চলছে। ট্রেনের ইঞ্জিন-বগি ক্রয়, লাইন নির্মাণ ও বিদ্যুৎ-ব্যবস্থার দরপত্রের প্রক্রিয়া চলছে। এর আগে সেবা সংস্থার সব লাইন সরাতে হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এর সিংহভাগই বহন করবে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা।
ডিএমটিসিএল সূত্র বলেছে, মেট্রোরেলের পথে ওয়াসা, তিতাস, পিজিসিবি, টিঅ্যান্ডটিসহ ১২টি সেবা সংস্থার লাইন রয়েছে। তবে সব সংস্থার লাইন সব স্থানে নেই। তবে বেশির ভাগ পথেই একসঙ্গে তিন-চারটি সংস্থার লাইন আছে। ১৬টি স্টেশনের স্থানে প্রায় সব সংস্থার লাইনই সরাতে হবে। অন্য স্থানগুলোতেও কমবেশি লাইন সরাতে হবে।
প্রকল্প সূত্র বলেছে, আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত অংশে আজ থেকে সড়কের একটা লেন বেড়া দিয়ে ঢেকে দেওয়া হবে। এই পথে ছয়টি তার বসবে। ১০০ মিটার তার বসানোর পর কাটা অংশ মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। পুনরায় বেড়া দিয়ে কাটা শুরু হবে। এভাবে ছয় ড্রাম তার বসানো হবে। পিজিসিবির তার বসানো শেষ হলে অন্য সংস্থার কাজ শুরু হবে।
গত বছর ও চলতি বছরের শুরুতে মেট্রোরেলের পথে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন শনাক্ত করার জন্য সড়কের বিভিন্ন স্থানে বেড়া দিয়ে খননকাজ চলে। রাতে কাজ করার পরও এর জন্য যানজট সৃষ্টি হয়েছিল। এবারও মিরপুর এলাকার মানুষদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন।