সেবা সংস্থার সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয়ে পরিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে সিটি করপোরেশনের সঙ্গে সব সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কাজের সমন্বয় করতে হবে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা এসেছে। 

পরিপত্রে বলা হয়, সিটি করপোরেশনের অধিক্ষেত্রে যেসব সরকারি সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, সেগুলোর প্রধানগণ সিটি করপোরেশনের আমন্ত্রণে সভায় যোগদান করবেন। তাঁরা সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়নের অগ্রগতি সিটি করপোরেশনকে অবহিত করবেন।
এসব সংস্থার কাজে গতিশীলতা আনতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৪৯ (১৫) ধারার উদ্দেশ্য পূরণের লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে পরিপত্রে বলা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর পরিপত্রে সই করেন। পরিপত্রের অনুলিপি সব সিটি করপোরেশন, সব মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া হয়।
ঢাকার দুই সিটি করপোরেশনের অধীন এলাকায় ৫২টি সরকারি সেবা প্রদানকারী সংস্থা রয়েছে। যাদের কাজের মধ্যে সমন্বয় নেই। এসব সংস্থার মধ্যে জেলা প্রশাসন, রেলওয়ে, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস কোম্পানি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি (ডেসকো), টেলিযোগাযোগ কোম্পানিও রয়েছে।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারয়ণগঞ্জ, গাজীপুর—সব সিটি করপোরেশনেই সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে সমস্যা রয়েছে।