সেবাকেন্দ্রের ফটক ঢেকেছে আবর্জনায়, পোস্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনার পাশের ঘিরে রাখা জায়গাটি সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করেছিল সিটি করপোরেশন। এর পাশেই সেবাকেন্দ্রটি। ছবি: জাহিদুল  করিম
আবর্জনার পাশের ঘিরে রাখা জায়গাটি সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করেছিল সিটি করপোরেশন। এর পাশেই সেবাকেন্দ্রটি। ছবি: জাহিদুল করিম

রাস্তার ওপরই বেশ খানিকটা জায়গা বেড়া দিয়ে ঘেরা। ভেতরে কিছু গাছ লাগানো। এটি একটি ‘সৌন্দর্যবর্ধক আইল্যান্ড’। এর একপাশে একটা নোংরা, পুঁতিগন্ধময় ডাস্টবিন।

আবর্জনা ফেলার এবং ‘সৌন্দর্য বর্ধনের’ জায়গাটির কারণে আড়াল পড়ে গেছে অতি জরুরি জনগুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠান মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের মূল ফটক। রাজধানীর মোহাম্মদপুরের পুরান থানা রোডে গেলে চোখে পড়বে এই দৃশ্য।

সেখানে গিয়ে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন সৌন্দর্য বর্ধনের জন্য একটি সড়কদ্বীপ (আইল্যান্ড) তৈরি করেছে। সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত সেই গোল জায়গাটিতে সারা বছরই থাকে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার। আর এই জায়গার পাশেই সিটি করপোরেশনের ময়লা ফেলার জায়গা। সেখানে এলাকার সবাই ময়লা ফেলে। দিনের বেশির ভাগ সময়ই সেখানে আবর্জনার স্তূপ জমে থাকে। চলে কাকের কা কা।
সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিচালিত মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এক সময় শুধু পরিবার পরিকল্পনা সেবার রেফারেল সেন্টার হিসেবে পরিচিত ছিল। তবে ২০১১ সাল থেকে এ সেন্টারের ভেতরে ১০০ শয্যার মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল চালু হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে সন্তান প্রসবসহ নানা সেবা দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা সেবা, শিশুদের টিকাদান, প্রজনন স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা নিতে সেন্টারটিতে গড়ে আসেন প্রায় ৫০০ জন। হাসপাতালের ২৪ ঘণ্টা জরুরি সেবাও চালু। এর ফলে এখানে সেবা নিতে আসা লোকজন এবং সেন্টারের সামনের পরিবেশ নিয়ে কর্তৃপক্ষ বিব্রত থাকে। নতুন যাঁরা এ কেন্দ্রে সেবা নিতে আসেন, তাঁদের পক্ষে চট করে তা খুঁজে বের করাটাও কষ্টসাধ্য হয়ে পড়ে। গাড়ি নিয়ে যাঁরা আসেন, তাঁদের গেইটের সামনে পর্যন্ত গাড়ি নিতে গলদঘর্ম হতে হয়। সিটি করপোরেশনের আবর্জনা পরিষ্কারের গাড়ি ও কর্মীরা আসতে আসতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশুস্বাস্থ্য) চিকিৎসক মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘সেন্টারের একদম গেইটের সামনে থেকে সৌন্দর্য বর্ধনের জায়গা এবং আবর্জনা ফেলার জায়গাটি সরানোর জন্য এ পর্যন্ত বহুবার সিটি করপোরেশনকে বলা হয়েছে। তবে কাজ হয়নি। ফলে আমরা যেমন বিব্রত, যাঁরা সেবা নিতে আসেন, তাঁরাও বিব্রত হন। ’
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এখানে সৌন্দর্যবর্ধনের জন্য যে জায়গাটি, সেখানে রাজনৈতিক বিভিন্ন নেতা ভাইদের পোস্টার ঝোলে সারা বছর। ফলে আমাদের সেন্টারের নাম পর্যন্ত ঢেকে যায় অনেক সময়। এ জায়গাকে কেন্দ্র করেই আবর্জনা ফেলার জায়গাটি দিন দিন বিস্তার লাভ করছে। আর এই পরিবেশকে কাজে লাগাচ্ছে এলাকার বখাটেরা। পেট্রল চুরির আস্তানা হয়ে উঠেছে জায়গাটি। জাতীয় সংসদের স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটিতে পর্যন্ত বিষয়টি আলোচিত হয়েছে। সিটি করপোরেশনের কাছে চিঠি লেখা হয়েছে অসংখ্যবার। তবে কাজের কাজ কিছুই হয়নি। ’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক রাখাল চন্দ্র বর্মন প্রথম আলোকে জানান, তিনি দুই মাস আগে এ দায়িত্বে এসেছেন। এখন পর্যন্ত সবকিছু সেভাবে দেখে উঠতে পারেননি।
তবে রাখাল চন্দ্র বর্মন প্রথম আলোকে বলেন, ‘হাসপাতাল বা এ ধরনের সেন্টারের সামনে আবর্জনা ফেলা ঠিক হচ্ছে না। আমি খুব দ্রুত সেখান থেকে আবর্জনা ফেলার জায়গাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করব। এ ছাড়া আপাতত সেখানে কোনোভাবেই যাতে আবর্জনা জমে না থাকে সে ব্যবস্থাও করব। ’