সেবাক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেজারি, হাসপাতালসহ সব সেবাক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
ফরিদপুর: ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি নিশ্চিত করুন’ প্রতিপাদ্য নিয়ে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রবীণদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
সভায় বক্তারা বলেন, ট্রেজারি, হাসপাতাল, পরিবহনসহ সব জায়গায় যাতে প্রবীণদের অগ্রাধিকার দেওয়া হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। সভা শেষে মা-বাবার প্রতি সেবা-শুশ্রূষার স্বীকৃতিস্বরূপ মাসুদা বেগম ও মো. শহিদুল্লাহকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গোপালগঞ্জ: জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকালে শোভাযাত্রা বের হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খলিলুর রহমান।
কুষ্টিয়া: সকালে শহরের পাবলিক লাইব্রেরি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক। সভা শেষে ২০ জন প্রবীণকে অর্থসহায়তা দেওয়া হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): দিবসটি উপলক্ষে সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
সাতক্ষীরা: সকালে প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। সাতক্ষীরা অফিসার্স ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আবদুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কর তাজুল ইসলাম। সভায় বক্তারা প্রবীণদের চিকিৎসা, বিনোদনসহ বিভিন্ন সুবিধা সুনিশ্চিত করার পাশাপাশি নগর পরিবেশে তাঁদের অন্তর্ভুক্তির দাবি জানান।
ঝালকাঠি: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া।