সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়ার পর কাউন্টার থেকে বলা হয়, ২৩ নম্বর কক্ষে চিকিৎসক আছেন। কিন্তু ২৩ নম্বর কক্ষে গিয়ে দেখা যায় সেখানে কোনো চিকিৎসক নেই। এভাবে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া চিকিৎসকেরা রোগীদের কথা না শুনেই ব্যবস্থাপত্র লিখে দেন।’ এ অভিযোগ কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের কৃষক মো. সুলতান মিয়ার।গতকাল শনিবার কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আধুনিক সদর হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মো. সুলতান মিয়া এসব অভিযোগ করেন।হাসপাতালে চিকিৎসা নিতে আসা আ. মান্নান বলেন, দন্ত বিভাগে অনেক ভিড় থাকে। কিন্তু সেখানে কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই। শহরের বত্রিশ এলাকার রোজি বেগম বলেন, হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মোটরসাইকেল রাখেন। এ কারণে রোগীরা স্বচ্ছন্দে হাসপাতালে প্রবেশ করতে পারেন না।রুহুল আমীন নামের এক ব্যক্তির অভিযোগ, সেবিকা ও আয়াসহ হাসপাতালের অন্য কর্মচারীরা রোগীদের সঙ্গে খারাপ আচরণ করেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক এম এ কাইয়ুম। সভায় সিভিল সার্জন দীন মোহাম্মদ ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল মজিদসহ বিভিন্ন বিভাগের ১০ জন চিকিৎসক হাসপাতাল থেকে সেবাগ্রহণকারী প্রায় ৫০ জন ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়ের শুরুতে সনাকের আহ্বায়ক মায়া ভৌমিক স্বাগত বক্তব্য দেন। সনাকের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যসেবা, পরিবেশ ইত্যাদি বিষয়ে সনাকের পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করা হয়।আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘আমাদের এখানে প্রতিদিন এক হাজার ৫০০ জনের মতো রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। তাঁদের মধ্যে কেউ কেউ খারাপ আচরণের শিকার হন।’ তিনি বলেন, লোকবলের অভাবে তাঁরা কাঙ্ক্ষিত মাত্রায় সেবা দিতে পারছেন না।সিভিল সার্জন দীন মোহাম্মদ বলেন, ‘মামলার কারণে লোক নিয়োগ ব্যাহত হচ্ছে; তবে আমরা চেষ্টা করছি। আগে হাসপাতালে কোনো নিরাপত্তাকর্মী ছিল না। জেলা প্রশাসন থেকে মাস্টাররোলে নিরাপত্তাকর্মী আনা হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে প্রেষণে হাসপাতালে চিকিৎসক আনা হয়েছে। আমরা এভাবে স্বল্প লোকবলে হাসপাতাল পরিচালনা করছি।’ তিনি আরও বলেন, সকাল নয়টার মধ্যে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হবে।