প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, শুধু ব্যবসার কথা চিন্তা করে নয়, মানুষকে সেবা প্রদানের মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত চিকিৎসকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের এক সভায় এসব কথা বলেন তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান।
মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, সরকার সেবিকা ও স্বাস্থ্য প্রযুক্তিবিদ কর্মীদের শিক্ষার ওপর গুরুতারোপ করেছে এবং চিকিৎসকদের পাশাপাশি শিক্ষিত সেবিকা ও স্বাস্থ্য প্রযুক্তি কর্মীর সংখ্যাও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক এম আর খান, জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রমুখ বক্তৃতা করেন।
এ আর রহমানের সৌজন্য সাক্ষাৎ: উপমহাদেশের প্রখ্যাত সুরকার এ আর রহমান গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাশেদা চৌধুরীর বাসভবনে: প্রধানমন্ত্রী প্রয়াত রাশেদা হোসেন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল সকালে পরিবাগে তাঁর বাসভবনে যান। তিনি প্রয়াতের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাশেদা হোসেন চৌধুরী আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরীর মা।