সেবাবঞ্চিতদের ক্ষোভে কোণঠাসা কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবাবঞ্চিত সাধারণ মানুষ সুযোগ পেয়ে অকপটে বলে যাচ্ছিলেন নিজেদের ভোগান্তির কথা। ক্ষোভ ঝাড়ছিলেন সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের ওপর। নাম ধরেই অভিযোগ করলেন। আর একটু পর সেসব অভিযোগ খণ্ডনের চেষ্টা কিংবা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছিলেন ওইসব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
গতকাল শনিবার রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের সামনে সরকারি সেবা নিয়ে গণশুনানির দৃশ্য ছিল এমনই। বিশ্বব্যাংকের সহায়তায় এ গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোনারগাঁ উপজেলার পাঁচটি সরকারি দপ্তর নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা বিদ্যুৎ সমিতি কার্যালয় ১ ও ২, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যালয় এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা সেবাগ্রহীতাদের নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দেন। দুদক ও জেলা প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও অভিযোগ নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, সাব-রেজিস্ট্রার কোনো দিনই দুপুর ১২টার আগে অফিসে আসেন না। বেলা তিনটার পর অফিসের কাজ নিয়ে বসেন। বিলম্ব ফি নিয়ে রেজিস্ট্রেশনের কাজ করেন। আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে।
জবাব দিতে গিয়ে সাব-রেজিস্ট্রার আবু তাহের মোহাম্মদ মোস্তফা সব অভিযোগ অস্বীকার করেন। এ সময় দর্শক সারিতে উপস্থিত বিপুলসংখ্যক মানুষ সাব-রেজিস্ট্রারের বক্তব্য মিথ্যা মিথ্যা বলে চিৎকার করে ওঠেন। দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলে জানান। এ সময় দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।
আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি অভিযোগ করেন, ‘সোনারগাঁয়ের মানুষ দীর্ঘদিন ধরে হাসপাতাল থেকে ভালো কোনো ওষুধ পেয়েছে কি না, তা অনেক বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন বিকল। হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগীদের পাঠিয়ে দেওয়া হয় এক্স-রের জন্য। নার্সদের ব্যবহার খুবই খারাপ।’ তিনি আরও বলেন, রাতে গিয়ে চিকিৎসকদের পাওয়া যায় না। তাঁরা ঘুমিয়ে থাকেন। ততক্ষণে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়ে।
জাহানারা আক্তার, আবদুল লতিফ, নাজমা বেগম, শফিউদ্দিনসহ আরও অনেকে অভিযোগ করেন, হাসপাতাল থেকে রোগীদের ওষুধ দেওয়ার কথা থাকলেও ওষুধ দেওয়া হয় না। চিকিৎসকদের খারাপ ব্যবহার কিংবা বাইরের ক্লিনিকে পাঠানোর অভিযোগ এসেছে।
জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তানভীর আহমেদ চৌধুরী অভিযোগগুলো তদন্ত করে ১৫ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুদককে জানাবেন বলে ঘোষণা দেন।
নোয়াগাঁও এলাকার মো. তোফাজ্জল হোসেনের অভিযোগ, নামজারির মিস কেস নিষ্পত্তি না করে আড়াই বছর ধরে তাঁকে ঘোরানো হচ্ছে। ভূমি কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারী তাঁর কাগজপত্র গায়েব করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। গোয়ালদি এলাকার আহসান হাবিব ভূঁইয়া অভিযোগ করেন, নিজেদের কেনা জমি নিয়ে জজ আদালতে দেওয়ানি মামলা থাকার পরও ভূমি কর্মকর্তার কার্যালয় থেকে জাল কাগজপত্রের মাধ্যমে আরেকজনের নামে নামজারি করা হয়। ইসলামপুর গ্রামের নুর মোহাম্মদ বলেন, সরকারি খাসজমি একটি কোম্পানি দখল করে নেওয়ার প্রতিবাদ করা এবং সরকারি দপ্তরে অভিযোগ দেওয়ার কারণে তিনি, তাঁর ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়। তারপরও সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে এখনো ব্যবস্থা নেয়নি। ফাইল আটকে রাখা, নামজারি, খারিজ, মিস কেস নিষ্পত্তিসহ নানা ক্ষেত্রে পদে পদে ঘুষ দেওয়াসহ বিভিন্ন রকমের হয়রানির কথা তুলে বক্তব্য দেন প্রায় ২০ জন ভুক্তভোগী ব্যক্তি।
জবাবে সহকারী কমিশনার ভূমি রুবায়েত হায়াত তাঁর দরজা সবার জন্য খোলা থাকে বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নাগরিকদের যেসব সমস্যা রয়ে গেছে, সেগুলো সমস্যা ভেদে ১৫ দিন থেকে ৩ মাসের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেন।
গতকালের গণশুনানিতে অন্তত ৩০ জন ভুক্তভোগী মানুষ তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। প্রায় ১০০ নাগরিকের সমস্যার কথা দুদকের কাছে নথিভুক্ত রয়েছে, যা সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হবে বলে দুদক জানিয়েছে। গণশুনানি শেষে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নাগরিকদের প্রাপ্য সেবা দিতে হবে। কেউ এ বিষয়ে ব্যর্থ হলে তাঁর দায়িত্বে থাকার প্রয়োজন নেই।