সেবার-এবার অনেক মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ৯ মে রাতে লোকজন রাতজেগে পাহারা বসিয়েছিল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের পাশের জিমনেসিয়ামের (ব্যায়ামাগার) চারপাশের এলাকায়। এই ব্যায়ামাগারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রধান নিয়ন্ত্রণকক্ষ ছিল। তখন মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে দেওয়া ভোটের রায় সরকার যাতে পাল্টাতে না পারে, সে জন্য ছিল রাতজাগা পাহারা।একইভাবে এবারের সিটি করপোরেশন নির্বাচনের নিয়ন্ত্রণকক্ষ খোলা হয় ওই ব্যায়ামাগারে। কমিশনের ফলাফল ঘোষণায় দেরি দেখে বিরোধীদলীয় নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাতে ভিড় করতে থাকেন ওই এলাকায়। তাঁদের আশঙ্কা ছিল, বিরোধী দল বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম শাখার সভাপতি সিকান্দর খান প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবারের রাত এবং ২০০৫ সালের ৯ মে রাতের ঘটনা অভাবনীয়ভাবে মিলে গেছে। ২০০৫ সালের রাতের ঘটনার নায়ক ছিলেন মহিউদ্দিন আর বৃহস্পতিবার রাতের নায়ক মন্জুর—পার্থক্য শুধু এটুকুই।জানা যায়, ঘটনা দুটির মধ্যে এবার ব্যতিক্রম মন্জুর-সমর্থকদের পাশাপাশি মহিউদ্দিন-সমর্থকদেরও ওই এলাকায় জড়ো হওয়া। ফলে পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। সংঘর্ষের পর থেকে মহিউদ্দিনের সমর্থকেরা জুবলি রোড, এনায়েত বাজার, ডিসি হিল এলাকা আর মন্জুরের সমর্থকেরা কাজীর দেউড়ি, আশকারদীঘির পাড় এলাকায় অবস্থান নেন। পাঁচ বছর আগে একই ধরনের ঘটনায় রাস্তা ছিল মহিউদ্দিনের সমর্থকদের দখলে। ২০০৫ সালের ৯ মে রাতেও ওই এলাকায় পুলিশের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ হয়েছিল। একপর্যায়ে তাঁর সমর্থকেরা সার্কিট হাউসে ভাঙচুর চালিয়েছিলেন। সেবার সম্ভাব্য বিজয়ী প্রার্থী রাতে ওই এলাকায় গেলেও এবার মন্জুর ওই এলাকায় যাননি। তবে তাঁর কর্মী-সমর্থকেরা প্রায় সারা রাত ওই এলাকার আশপাশে অবস্থান করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যামায়মাগারের নিয়ন্ত্রণকক্ষে রাত নয়টার পর ফলাফল ঘোষণা আকস্মিক বন্ধ হয়ে যায়। অথচ নগরের ৪১টি ওয়ার্ডের ৬৭৩টি ভোটকেন্দ্রের বেশির ভাগেই ভোট গণনা সম্পন্ন হয় রাত সাড়ে আটটার মধ্যে।