সেবার পরিধি বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় খরচে মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে আইন করা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। তারপরও এ কাঠামোর মধ্য থেকেই মানুষকে আরও বেশি করে আইনি সেবা দিতে হবে। পাশাপাশি এই আইনি কাঠামোর পরিবর্তনের জন্য সরকারের নীতিনির্ধারকদের বলতে হবে।
জাতীয় আইনগত সহায়তা দিবস সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল বুধবার বক্তারা এ মত দেন। সুপ্রিম কোর্টের মূল ভবনের সম্মেলনকক্ষে এ মতবিনিময়ের আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়। আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস।
‘সুপ্রিম কোর্টে সরকারি আইনি সেবা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। তিনি বলেন, আইনগত অসুবিধা থাকবে, এর মধ্যেই সেবার কার্যক্রমকে বিস্তৃত করতে হবে। আরও বেশি মানুষ যেন সেবার আওতায় আসে এবং আরও বেশি মানুষ যেন উপকৃত হয়, সেটা মাথায় রেখে কাজ করতে হবে।
শুরুতে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কার্যক্রমের অতীত ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। তিনি বলেন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির তত্ত্বাবধানে ৮৩ জন আইনজীবী প্যানেলভুক্ত হয়ে কাজ করছেন। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আট মাসে ১৭১ জনকে মামলা পরিচালনা ও ৩৫২ জনকে আইনি পরামর্শের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। গত আট মাসে লিগ্যাল এইডের মাধ্যমে ৭৪টি মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে, ৯৭টি বিচারাধীন।
দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আমিনুল ইসলাম আরও বলেন, বিনা খরচে আইনি সেবা পাওয়ার বিষয়টি যদি গণমাধ্যমে নিয়মিত প্রচার করা হয়, তাহলে আরও বেশি মানুষ সেবায় আগ্রহী হবে।
মতবিনিময় সভায় জানানো হয়, লিগ্যাল এইডের অধীনে জেল আপিল মামলা পরিচালনা করে একজন আইনজীবী তিন হাজার টাকা সম্মানী পান। পরে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, কেন একজন আইনজীবীর সম্মানী মাত্র তিন হাজার টাকা হবে, কেন তাঁদের সম্মানী সরকার বাড়াচ্ছে না—এগুলোই গণমাধ্যমকে তুলে ধরতে হবে।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব টাইটাস হিল্লোল রেমাসহ একাধিক জ্যেষ্ঠ আইনবিষয়ক সাংবাদিক। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ের সমন্বয়ক রিপন পৌল স্কু প্রমুখ।