সেবার বার্তা নিয়ে ই-সমাজকল্যাণ বার্তার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ই-সমাজকল্যাণ বার্তার যাত্রা শুরু হয়েছে। ২৭ আগস্ট, ঢাকা। ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ই-সমাজকল্যাণ বার্তার যাত্রা শুরু হয়েছে। ২৭ আগস্ট, ঢাকা। ছবি: সংগৃহীত

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশ নেওয়া ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করার লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে ই-সমাজকল্যাণ বার্তার।

এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের ইনোভেশন টিমের আয়োজনে ও ফোরবিটস লিমিটেডের কারিগরি সহায়তায় মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ই-সমাজকল্যাণ বার্তা কর্মশালা।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির ই-সমাজকল্যাণ বার্তা শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করেন। অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন বিভাগের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসারসহ বিভিন্ন পর্যায়ের ১০৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪টি কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। আর অধিদপ্তরের সবগুলো কার্যক্রমকে একে একে ডিজিটাইজেশনের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সব সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে ই-সমাজকল্যাণ বার্তার। এ উপলক্ষ্য এক কর্মশালার আয়োজন করা হয় সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে। ২৭ আগস্ট, ঢাকা। ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সব সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে ই-সমাজকল্যাণ বার্তার। এ উপলক্ষ্য এক কর্মশালার আয়োজন করা হয় সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে। ২৭ আগস্ট, ঢাকা। ছবি: সংগৃহীত

কর্মশালায় সংবাদের তাৎপর্য, সংবাদ তৈরি, শিরোনাম বাছাই বিষয় ভিত্তিক আলোচনা করেন দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, সংবাদ সম্পাদনা, সংবাদ শিরোনাম চূড়ান্তকরণ এবং সংবাদের তাৎপর্যপূর্ণ ছবি বাছাই সংক্রান্ত আলোচনা প্রথম আলোর জেষ্ঠ্য সহসম্পাদক রাশেদুল আলম রাসেল, ই-সমাজকল্যাণ ইউজার আইডি তৈরি বিষয় আলোচনা করেন ফোর বিটস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম খান, ই-সমাজকল্যাণ বার্তা (ইউজার এক্সসেপটেন্স টেস্ট) ও সংবাদ তৈরির বিষয় ভিত্তিক আলোচনা করেন সহকারী পরিচালক (পরিকল্পনা) সমাজসেবা অধিদপ্তর ইনোভেশন টিমের সদস্য জাহাঙ্গীর কবীর এবং জাতীয় সমাজসেবা একাডেমির প্রভাষক (অতিরিক্ত দায়িত্ব উপাধ্যক্ষ) ও ইনোভেশন টিমের সদস্য মো. জহিরুল ইসলাম, ই-সমাজকল্যাণ বার্তা'র প্রেক্ষাপট এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন উপপরিচালক (প্রকাশনা) ও ইনোভেশন অফিসার মো. সাজ্জাদুল ইসলাম।

দিন শেষে ১০৫ জন কর্মকর্তা প্রত্যেকে একটি করে নিউজ ই-সমাজকল্যাণ বার্তায় প্রকাশ করেন। এরপরই আগের ঘোষণা অনুযায়ী সমাজসেবা মহাপরিচালক সেরা ৩ জন নিউজ প্রকাশকারীকে পুরস্কার প্রদান করেন। তবে পরে অবশ্য ১০৫ জনকেই পুরস্কৃত করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জুলফিকার হায়দার ও উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাফায়েত হোসেন তালুকদারসহ প্রমুখ।