
পৃথিবীতে জীবন-জীবিকার জন্য নানা পেশা থাকলেও মানুষকে সেবা করার সবচেয়ে বেশি সুযোগ আছে শুধু চিকিৎসকদের। কাজেই সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের পেশা চর্চা করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকের উদ্দেশে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মাঠে এই সমাবর্তন অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, পৃথিবীতে জীবন ও জীবিকার জন্য নানা পেশা থাকলেও চিকিৎসা পেশা মানুষের জীবন রক্ষার সঙ্গে জড়িত। কাজেই সেবার মনোভাব নিয়ে চিকিৎসা করতে হবে। ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা আজ দেশের সেরা চিকিৎসক। আপনাদের এ পর্যায়ে আসতে সমাজ ও রাষ্ট্রের অনেক অবদান আছে। তাই সমাজের কাছে আপনাদের দায়বদ্ধতা সাধারণ মানুষের চেয়ে বেশি।’
এবার সমাবর্তন বক্তা ছিলেন ভারতের লক্ষ্ণৌর জর্জ’স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রবি কান্ত। তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য। তবে স্বাস্থ্য মানে কেবল শারীরিক স্বাস্থ্য নয়, এর সঙ্গে মানসিক, আবেগ, পরিবেশগত বিষয়ও আছে। ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, ভুলে যেতে হবে আপনার দেশ গরিব। বরং এই দেশই অনেক সম্ভাবনার দেশ। এখানে বসেই স্বপ্ন দেখতে হবে সম্ভাবনার। মানবসেবার ব্রত নিয়েই কাজ করতে হবে চিকিৎসকদের।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাগত বক্তব্য দেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য (শিক্ষা) রুহুল আমিন মিয়া।
আচার্যের শোভাযাত্রার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন শুরু হয়। এবারের সমাবর্তনে ৫১৭ জন শিক্ষার্থী সনদ পান। এ ছাড়া চিকিৎসা শিক্ষা ও সেবায় বিশেষ অবদানের জন্য সাতজন বিশিষ্ট শিক্ষককে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। তাঁরা হলেন অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, অধ্যাপক এম নুরুল আমিন, অধ্যাপক রবিউল হোসেন, অধ্যাপক টি এ চৌধুরী, অধ্যাপক রশিদউদ্দিন আহমদ ও অধ্যাপক এন আলম।
এ ছাড়া রাষ্ট্রপতির কাছ থেকে সনদ নেন ফাতেমা আহমেদ, ফারজান রবিন, নাজমুস সাকিব ও জান্নাতুল মাওয়া এবং স্বর্ণপদক নেন লতিফা নিসাত, সুমাইয়া খাতুন ও হালিমা খাতুন।