সেবার মাধ্যমে মানুষকে ভালোবাসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ যোসেফ মারিনো ঈশ্বরের শান্তির বাণী গ্রহণ করে সেবার মাধ্যমে মানুষকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন। ময়মনসিংহ ধর্মপ্রদেশে ক্যাথলিক ধর্মবিশ্বাস গ্রহণের শতবর্ষ (১৯০৯—২০০৯) উদ্যাপন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার যোসেফ মারিনো এ আহ্বান জানান।‘প্রভুর জয়গানে আমার প্রাণ উল্লসিত’—এই মূল সুর সামনে রেখে দুর্গাপুরে গতকাল পৃথিবীর বিভিন্ন দেশের ক্যাথলিক ধর্মগুরু ও ভক্তদের মিলনমেলা বসে। ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে দুর্গাপুরের রানীখং ধর্মপল্লি প্রাঙ্গণের এই অনুষ্ঠানে ইতালি, ভ্যাটিকান সিটি, ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্যাথলিক ধর্মগুরু আর্চবিশপ, বিশপ, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টারসহ খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী হাজারো ভক্ত যোগ দেন। গত শুক্রবার রাতে ১০০ মোমবাতি জালিয়ে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রানীখং মিশনের ফাদার ও জুবিলী কমিটির সমন্বয়কারী ফাদার শিমন হাচ্ছা। উদ্বোধনের পর গতকাল সারা দিন ধর্মগুরুদের উপদেশমূলক আলোচনা, গান ও নৃত্যের মাধ্যমে আদিবাসী গারো সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়। ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবির (সিএসসি) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির রাজধানী রোমের বিশ্বাস বিস্তার সংস্থার সাধারণ সম্পাদক আর্চবিশপ রবার্ট সারা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ যোসেফ মারিনো, নেত্রকোনো-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) সাংসদ মোশতাক আহমেদ, রোমের ভিকার ও কাউন্সিলর ব্রাদার জন পেইজ (সিএসসি), ভারতের আগরতলা ধর্ম প্রদেশের বিশপ লুমেন (সিএসসি), ভারতের তুরা ধর্মপ্রদেশের বিশপ জর্জ মামলা ছোরি, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ পলিনুস কস্তা (ডিডি), চিটাগাং ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও (সিএসসি), রাজশাহীর ধর্মপাল বিশপ জেভার্স রোজারিও, খুলনার ধর্মপাল বিশপ বিজয় ডি ক্রুজ (ওএমআই), দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ মজেস কস্তা, গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সম্পাদক পাস্টর নীরেন চিসিম, সেন্ট এলিজাবেথসের চার্চ ফাদার নর্বার্ট নীরেন ম্রং প্রমুখ।