সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ
নিউইয়র্কে বাংলাদেশি কনস্যুলেটের গ্রাহকসেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। দেশটি সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ অফিস পরিদর্শনে গেলে এই ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
এদিকে বিদেশ সফরে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের শত্রু বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তিনি দাবি করেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়া এখন অস্তিত্বহীন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানসহ এই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।
পরিদর্শনে ওই কনস্যুলেটের গ্রাহকসেবার মান, এমআরপি সুবিধাসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবদুল মুহিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে সরকারি ব্যাংক প্রতিষ্ঠার সম্ভাবনা নেই। তবে প্রবাসীদের সেবার মানোন্নয়ন করতে কনস্যুলেট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
প্রশ্নের জবাব শেষ না হতেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেটের সেবার মান নিয়ে অর্থমন্ত্রীর কাছে নানা অভিযোগ তোলা শুরু করেন। এ সময় অভিযোগ, পাল্টা-অভিযোগে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে কনস্যুলেট অফিস। কর্মকর্তারা তাঁদের গৃহীত পদক্ষেপ ও সেবার মান নিয়ে আত্মপক্ষ সমর্থন করে প্রবাসীদের উত্থাপিত অভিযোগ খণ্ডনের চেষ্টা করেন। ওদিকে এই পরিদর্শনকালে সাংবাদিকেরা ঢাকায় সম্প্রতি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফা হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের শত্রু বলে উল্লেখ করেন।