‘চট্টগ্রাম বন্দরে জাহাজজটের কারণে পোশাকশিল্প “আইসিইউ” থেকে “লাইফ সাপোর্টে” চলে যাচ্ছে। আমরা শঙ্কিত। এ অবস্থা থেকে উদ্ধার করুন। সাড়ে ২৮ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করতে যদি বন্দর হিমশিম খায়, তাহলে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য অর্জনে কী অবস্থা হবে?’—গতকাল শনিবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এভাবেই ব্যবসায়ীদের অসন্তোষের কথা তুলে ধরেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন আহমেদ।
সভায় বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি বলেন, আকাশপথে পণ্য পরিবহনের পরও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের প্রতিষ্ঠানকে নতুন করে কোনো রপ্তানি আদেশ দেবে না বলে জানিয়ে দিয়েছেন জাপানি একজন ক্রেতা।
সভায় অবশ্য এফবিসিসিআইয়ের সভাপতি উপস্থিত ছিলেন না। সভা শেষে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পকে সময়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। এখানে দেরি হলে ব্যবসা হারাতে হবে।
কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে এই মতবিনিময় সভা ডাকে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সভা সঞ্চালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, পোশাক তৈরির জন্য এক মাস সময় পাওয়া যায়। এর মধ্যে যদি ১৫-২০ দিন বন্দরে চলে যায়, তাহলে পোশাক তৈরির জন্য ১০ দিনের বেশি সময় থাকে না। ফলে অনেক সময় উড়োজাহাজে করে পণ্য রপ্তানি করতে হচ্ছে। তিনি বন্দরের পাশাপাশি বেসরকারি কনটেইনার ডিপোগুলোতেও কাস্টমসের সার্বক্ষণিক সেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেন।
দুই মাসের বেশি সময় ধরে চলা বন্দরে জাহাজজট এখনো নিরসন হয়নি। গতকালও বন্দরের বহির্নোঙরে ১০টি কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ানোর জন্য অপেক্ষা করছিল। ২০০৭ সালের তুলনায় বন্দর দিয়ে কনটেইনার পরিবহন দ্বিগুণ বাড়লেও নতুন করে কোনো জেটি নির্মাণ করা হয়নি। আবার ২০০৫ সালের পর নতুন করে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত গ্যান্ট্রি ক্রেনও বন্দরের বহরে যুক্ত হয়নি। পণ্য পরিবহন বাড়তে থাকায় ধীর ধীরে এই সংকট এখন তীব্র হয়েছে।
গতকালের সভায় এফবিসিসিআইয়ের প্রতিনিধি মাহফুজুল হক শাহ বলেন, ২০১৯ সালে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যে অবকাঠামো দরকার হবে, তা তারা ২০১৬ সালের মধ্যে শেষ করেছে। ২০১৭ সালে এসে চট্টগ্রাম বন্দর এখনো অবকাঠামোগত দিক থেকে ২০০৫ সালের অবস্থায় আছে।
বন্দর সচল রাখতে যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। সভায় তিনি বলেন, বন্দর চত্বরে কনটেইনার না রেখে তা বেসরকারি ডিপোতে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
কনটেইনার শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সমন্বয়ক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, বন্দরে নিলামযোগ্য ৪ হাজার ২০০ কনটেইনার ৪৫ দিন থেকে কয়েক বছর ধরে পড়ে আছে। কাস্টমস নিলামে তা বিক্রি করতে না পারায় বন্দর চত্বরে কনটেইনার-জটও তৈরি হচ্ছে।
বন্দরের তিনটি টার্মিনালে জাহাজ জেটিতে ভিড়তে ২ থেকে সর্বোচ্চ ১২ দিন সময় লাগছে বলে জানান শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার। তিনি বলেন, শনিবার (গতকাল) রপ্তানি পণ্যবোঝাই ২০০ কনটেইনার না নিয়ে একটি জাহাজ বন্দর ছেড়ে গেছে। তবে কী কারণে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার না নিয়ে জাহাজ বন্দর ছেড়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, কাস্টমস থেকে পণ্য খালাসের ছাড়পত্র নিয়ে বন্দরে গেলে তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করা যায় না। বন্দরে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় সব প্রক্রিয়া শেষ করার পরও পণ্য খালাসে এক দিনের বেশি সময় লাগছে বলে জানান তিনি।
সভায় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানোর জন্য ২৪ ঘণ্টা বন্দর ও কাস্টমস সচল রাখার উদ্যোগ নিয়েছেন তাঁরা। এ জন্য ব্যবহারকারীদেরও প্রস্তুতি নিতে হবে। কাস্টমসের জনবল বাড়ানো হচ্ছে। বন্দর ও কাস্টমসের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলো যাতে ২৪ ঘণ্টা সেবা দিতে পারে, সে জন্য কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন তিনি।
ভাড়া করে হলেও বন্দরের জন্য দ্রুত যন্ত্র কীভাবে সংগ্রহ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নৌ-পরিবহনসচিব অশোক মাধব রায়। তিনি বলেন, দ্রুত যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রে যা যা করা দরকার, তা করা হবে। যন্ত্রপাতির সমস্যা ও জাহাজজটের কারণে বন্দরের কর্মকর্তাদের বিশেষ ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, বিজিএমইএকে ‘কাট অব টাইম’ (রপ্তানি পণ্য জাহাজে তোলার সময়সীমা) মানতে হবে। তাহলে শাট আউট (রপ্তানি পণ্য জাহাজে বোঝাই করতে না পারা) হবে না। তিনি বলেন, গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৯৫ একক কনটেইনার বন্দরে ওঠানো-নামানো হয়। এটি নতুন রেকর্ড। এর আগে গত ৩০ এপ্রিল ৯ হাজার ৩৯৭টি কনটেইনার ওঠানো-নামানো হয়েছিল।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল বলেন, ২৪ ঘণ্টা কাস্টমস সচল রাখতে হলে লোকবল বাড়াতে হবে। এক পালার লোকবল দিয়ে তিন পালার কাজ সম্ভব হবে না। দুই সপ্তাহে পুরোদমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন একজন কমিশনার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান। এতে বাংলাদেশ ব্যাংক, বিএসটিআইসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।