‘স্বাস্থ্যসেবা খাতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ স্লোগানে গতকাল শনিবার দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় হাসপাতালের বিভিন্ন সেবা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম সভাপতিত্ব করেন। টিআইবির এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন সনাক সদস্য অধ্যাপক সোলতান উল আলম, রওশন আরা চৌধুরী ও টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. মেহেদী হাসান।
সভায় সনাকের সদস্য রওশন আরা চৌধুরী বলেন, দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় এখানে রোগীরা সেবা পেয়ে মোটামুটি সন্তুষ্টি নিয়ে ফিরে যায়। এ ধারা অব্যাহত রাখতে হবে। তবে রোগীর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে তাঁরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।