সেবার মান বাড়লেও অনিয়ম দূর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়লেও কিছু ক্ষেত্রে এখনো অনিয়ম রয়ে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রকল্পের আওতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে করা এক জরিপে বিষয়টি উঠে এসেছে।
গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে জরিপের প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি পটিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক এ জি এম জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায়, নিত্যময় চৌধুরী, শিলা দাশ প্রমুখ।
প্রতিবেদনে বলা হয়, টিকা দেওয়ার সময় সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা নেওয়া হয়, তা ছাড়া রোগী ভর্তির সময় কখনো ২০ টাকা, নার্সদের টাকা দিলে ভালো সেবা দেওয়া হয়, সন্তান প্রসবের পর বকশিশ দিতে হয়, ইসিজি করার সময় ৮০ টাকার জায়গায় ১০০ টাকা এবং বহির্বিভাগে টিকিট নেওয়ার সময় ভাংতি নাই বলে তিন টাকার স্থলে পাঁচ টাকা আদায় করা হচ্ছে। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুয়ায়ী শতভাগ ওষুধ পাওয়া যায় না।
তবে প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সরা রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। তাঁদের উপস্থিতির হার হচ্ছে শতভাগ, চিকিৎসাসেবা প্রদানকালীন চিকিৎসকের কক্ষে ওষুধ কোম্পানির কোনো প্রতিনিধি প্রবেশ করেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় প্রতিবেদনের বিষয়ে বলেন, অনিয়মের সঙ্গে কর্তৃপক্ষ জড়িত নয়। একসময় রোগীদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হতো। তিনি যোগদান করার পর থেকে তা প্রায় কমে গেছে।