সেবার মান বাড়াতে টেলিটকের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি
গ্রাহকসেবার মান বাড়াতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা। এখন থেকে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকেরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পানির মাসিক বিলসহ যেকোনো ধরনের বিজ্ঞপ্তি জানতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াসার পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম মাওলা ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক (সিস্টেমস অপারেশন) মো. হাবিবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, এর ফলে সেবার মান বাড়বে। চট্টগ্রামে পানির গ্রাহকের সংখ্যা প্রায় ৫৬ হাজার। এখন থেকে গ্রাহকদের পানির বিলের কাগজ দেওয়ার পাশাপাশি মুঠোফোনেও বিলের পরিমাণ জানিয়ে খুদে বার্তা পাঠানো হবে। এ ছাড়া বকেয়া সম্পর্কে তাগাদা, কিংবা যান্ত্রিক কারণে কোনো এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকলে সংশ্লিষ্ট গ্রাহকদের মুঠোফোনে তা জানানো হবে।