সেবার মান বাড়েনি যানজট বেড়েছে
কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মো. মনিরুল হকের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হচ্ছে আজ শনিবার। তবে এই এক বছরে নগরে সেবার মান বাড়েনি। সড়কের অবস্থা আগের মতোই। যানজট না কমে বরং বেড়েছে। তা নিরসনের জন্য কোনো উদ্যোগও নেওয়া হয়নি।২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়। ওই সময় বিএনপি থেকে অব্যাহতি নিয়ে সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে মেয়র পদে নির্বাচন করেন মনিরুল হক। নির্বাচনে তিনি ২৯ হাজার ১০৬ ভোটের ব্যবধানে জয়ী হন। ওই বছরের ২ ফেব্রুয়ারি তিনি মেয়র পদে শপথ নেন।সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রায় সব সড়কই ক্ষতবিক্ষত। ভাঙাচোরা সড়কের কারণে নগরে যানজট বেড়ে চলছে। তার ওপর নগরজুড়ে ২০ হাজার ইজিবাইক চলছে। এগুলোর কোনো অনুমোদন নেই। নেই লাইসেন্স। যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী।এদিকে কুমিল্লা পৌর উদ্যানের বেহাল দশা। ধর্মসাগর পাড়ের সড়কগুলোও দীর্ঘদিন সংস্কার হচ্ছে না। চলতে গিয়ে হোঁচট খাচ্ছে পথচারীরা। নগরে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উঁচু ভবন। এসব ভবনের নকশা অনুমোদন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। কোনো কোনো ভবন নগরের নকশা লঙ্ঘন করে করা হয়েছে। সেসব ভবনের মালিকদের বিরুদ্ধেও মেয়র কোনো ব্যবস্থা নেননি।অন্যদিকে জনবল সংকটের কারণে থমকে আছে সিটি করপোরেশনের সার্বিক কর্মকাণ্ড। পৌরসভার জনবল দিয়েই চলছে করপোরেশনের কাজ। করপোরেশনের কর্মীদের সাংগঠনিক কাঠামো তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হলেও সেটি ফেরত এসেছে।সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৬০টি পদের মধ্যে ২৩৪টিই শূন্য। ১২৬ জন লোক দিয়ে ৫৩ বর্গকিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের নাগরিক সেবা চলছে।এ ব্যাপারে সিটি করপোরেশনের সচিব মো. ছামসুল আলম বলেন, ‘কেবল তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে একজন গত বছরের নভেম্বর মাসে যোগ দিয়েছেন। আর জনবল বাড়ানো হয়নি। পৌরসভার লোকবল দিয়েই চলছে সিটি করপোরেশনের কাজ।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য মেয়র নালা পরিষ্কার করেছেন। নগরবাসীর জন্য কাজ করার আগ্রহটা ওনার অনেক বেশি। এত কম সময়ে বিরোধীদলীয় একজন মেয়রকে মূল্যায়ন করা খুবই কঠিন।’জানতে চাইলে মেয়র মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে নগরে ২২ কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে ১৩ কোটি টাকা সরকার থেকে পাওয়া গেছে। নয় কোটি টাকা সিটি করপোরেশনের নিজস্ব আয় থেকে হয়েছে। বর্তমানে দাতা সংস্থা জাইকার কাছ থেকে ২০০ কোটি টাকা পাওয়ার প্রক্রিয়া চলছে। ওই টাকা পেলে সড়ক সংস্কার, নালা তৈরি ও ফুটপাত নির্মাণ করা যাবে। তা ছাড়া নগরবাসীর জন্য নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। নতুন সিটি করপোরেশনকে সাজাতে হলে আরও সময়ের দরকার।’