সেবায় গাফিলতি, কমে যাচ্ছে রোগীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের প্রত্যন্ত এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোর চিকিৎসাসেবার দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অনেকে খামখেয়ালি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ক্লিনিকে রোগীর সংখ্যা কমে যাচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ জেলায় বর্তমানে ২৭৯টি ক্লিনিক চালু আছে। এসব ক্লিনিকে ২৭০ জন সিএইচসিপি কর্মরত আছেন। পাশাপাশি শিশুদের টিকাদান কর্মসূচি ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য একজন স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীর পর্যায়ক্রমে তিন দিন করে এসব ক্লিনিকে সেবা দেওয়ার কথা। নতুন একটি ক্লিনিকের ভবন নির্মাণের কাজ চলছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে নারী, শিশু ও পুরুষ মিলিয়ে ১৭ লাখ ৭২ হাজার ৮৮ জন চিকিৎসা নিয়েছেন। আর গত বছর এই সেবা নিয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৮৭৬ জন। এ হিসাব অনুযায়ী, রোগীর সংখ্যা কমেছে ২ লাখ ৭৮ হাজার ২১২ জন।
গত ৭ ফেব্রুয়ারি বাবুগঞ্জ উপজেলার মাধবপাধা ইউনিয়নের পাংশা, পশ্চিম পাংশা ও হাদিবাসকাঠি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গেছে, প্রথমটি খোলা, দ্বিতীয়টি সকাল থেকেই তালাবদ্ধ। গণমাধ্যমকর্মীদের উপস্থিতির কথা জানতে পেরে হাদিবাসকাঠি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অনুপ কুমার শীল বেলা দুইটার দিকে এসে ক্লিনিকটি খোলেন। তখন জানতে চাইলে তিনি বলেন, এক রোগীর স্যালাইন পুশ করতে গিয়েছিলেন। এ জন্য ওই সময় ক্লিনিক বন্ধ করেছিলেন। নিয়মিত ক্লিনিক খোলা হয় না, এলাকাবাসীর এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি নিয়মিত ক্লিনিক খোলা রাখি এবং চিকিৎসাসেবা দিই।’
ওই এলাকার পশ্চিম পাংশা ক্লিনিকের সিএইচসিপি মো. ইমরান হোসেন সকাল থেকেই অনুপস্থিত থাকায় ক্লিনিক তালাবদ্ধ দেখা যায়। তালাবদ্ধ দেখে বেশ কয়েকজন রোগী ফিরে গেছেন বলে জানান ক্লিনিক-সংলগ্ন বাসিন্দা মুক্তা বেগম। পশ্চিম পাংশা এলাকার বাসিন্দা রিপন সিকদার ও খোরশেদ আলম বলেন, অফিস খোলার দিন কী কারণে ক্লিনিকটি বন্ধ, তা তাঁরা জানেন না।
মো. ইমরান হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। ওই দিন স্বাস্থ্য সহকারীর ডিউটি ছিল বলে ক্লিনিক খোলা থাকার কথা।’
১৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সদর উপজেলার লামচরি কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেটি তালাবদ্ধ দেখা যায়। পাশের এক দোকানদার বলেন, এই ক্লিনিক কখন খোলা হয় আর কখন বন্ধ হয়, এর কোনো ঠিক নেই। সিএইচসিপি শাহনাজ পারভিনের ইচ্ছের ওপর তা নির্ভর করে।
যোগাযোগ করা হলে শাহনাজ পারভিন বলেন, ‘১৫ কিলোমিটার দূর থেকে আমাকে আসতে হয়, তাই বিলম্ব হয়।’
এর বিপরীত চিত্রও দেখা যায় ৭ ও ৯ ফেব্রুয়ারি বাবুগঞ্জ উপজেলার পাংশা আর সদর উপজেলার আস্তাকাঠি কমিউনিটি ক্লিনিকে গিয়ে। পাংশা মডেল দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক আহম্মদ উল্লাহ বলেন, এই ক্লিনিক নিয়মিত খোলা হয়। সেবা প্রদানকারী অশোক কর্মকারের কাছ থেকে সেবা ও পরামর্শ পেয়ে তাঁরা সন্তুষ্ট। আস্তাকাঠি কমিউনিটি ক্লিনিকে সকাল থেকেই রোগীর উপস্থিতি দেখা যায়। এখানের সিএইচসিপি খাদিজা শিশু থেকে বৃদ্ধদের চিকিৎসা দিচ্ছেন।
সদর উপজেলার আস্তাকাঠি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি খাদিজা বেগম বলেন, জরাজীর্ণ ভবন মেরামতের প্রয়োজন। এ ছাড়া নষ্ট অগভীর নলকূপের পরিবর্তে গভীর নলকূপের ব্যবস্থা করা দরকার।
সিভিল সার্জন এ এফ এম শফি উদ্দিন বলেন, ‘যেসব এলাকার হেলথ কেয়ার প্রোভাইডাররা বিলম্বে আসেন বা আগে চলে যান, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই প্রবণতা রোধে ব্যবস্থা নেওয়া হবে।’