সেবায় ব্যর্থ, কর আদায়ে সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট খানাখন্দে ভরা। পৌরসভার ঠাকুর বাজার এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট খানাখন্দে ভরা। পৌরসভার ঠাকুর বাজার এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

কর আদায়ে সফলতার কারণে তিন বছর আগে ‘ক’ শ্রেণির মর্যাদা পেয়েছে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা। কিন্তু দেড় যুগ পূর্ণ করা এ পৌরসভায় ন্যূনতম নাগরিক সুবিধা নেই। বেশি সমস্যা পানি সরবরাহ, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক নিয়ে। শহরে ময়লা-আবর্জনা ফেলারও আস্তাকুঁড় নেই। এতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভাটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর আয়তন ৩০ দশমিক ৪০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪৮ হাজার ৬৫০ জন। ভোটার সংখ্যা ২৬ হাজার ৩১। পৌরসভা প্রতিবছর তার নাগরিকদের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে ৮৫ শতাংশ সফল। গত বছরও প্রায় দেড় কোটি টাকার কর আদায় হয়। রাজস্ব আদায় সন্তোষজনক হওয়ায় ২০১৪ সালের মে মাসে এটি ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়।

পৌরবাসীর অভিযোগ, এই দেড় যুগে তিনজন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাঁরা পৌরবাসীকে ন্যূনতম নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন।

পানি সরবরাহব্যবস্থা:মাত্র ৭৮০ জন গ্রাহক পৌরসভার তিনটি পানি সরবরাহকেন্দ্রের মাধ্যমে পানি পাচ্ছেন। ৯০ শতাংশ মানুষই এই পানি পাচ্ছে না। পৌর এলাকায় প্রায় পাঁচ হাজার হস্তচালিত নলকূপ রয়েছে। এসব নলকূপই পৌরবাসীর প্রধান ভরসা।

ভাঙাচোরা রাস্তাঘাট:পৌরসভায় ৯২ দশমিক ১১ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে পাকা ৪২ দশমিক ৬০ কিলোমিটার, আধপাকা ১০ দশমিক ৪০ কিলোমিটার ও কাঁচা রাস্তা ৩৯ দশমিক ১১ কিলোমিটার। পৌরসভার প্রধান সড়ক শাহরাস্তি গেট থেকে সূচিপাড়া পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক বেহাল। বিভিন্ন স্থানে ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অন্য সব সড়কেরও একই অবস্থা। উপজেলা কমপ্লেক্সের সামনের দোকানি শহিদুল ইসলাম বলেন, শহরের এমন কোনো রাস্তা নেই, যেটি ভাঙাচোরা নয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী নিরঞ্জন কুমার দে বলেন, রাস্তাগুলো মেরামতের জন্য বিশ্বব্যাংকের একটি প্রকল্প থেকে ২৫ কোটি টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই সেটি অনুমোদিত হয়ে আসবে বলে তিনি আশা করছেন।

বেহাল পয়োনিষ্কাশনব্যবস্থা:পৌরসভা কর্তৃপক্ষের দাবি, পয়োনিষ্কাশনের জন্য তাদের তিন কিলোমিটার পাকা নালা রয়েছে। তবে বাস্তবে আছে আধা কিলোমিটার। শাহরাস্তি গেট থেকে সূচিপাড়া পর্যন্ত সড়কের পূর্ব পাশে যে নালা আছে, সেটি কাঁচা। সরেজমিনে দেখা যায়, কাঁচা নালাগুলো ভাঙা সড়কের খোয়া ও মাটি পড়ে ভরাট হওয়ার পথে রয়েছে।

ময়লা-আবর্জনায় সয়লাব:পৌর শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য আজ পর্যন্ত কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ময়লা সরানোর জন্য পৌরসভার কোনো গাড়ি ও জনবল নেই। ফলে বাসিন্দারা যেখানে-সেখানে ময়লা ফেলছে। শাহরাস্তি গেট, ঠাকুরবাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা, কালীবাড়ি ও উপজেলা পরিষদের সামনের সড়কের পাশে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ।

এ ছাড়া পৌরসভার কয়েকটি এলাকায় আজও বিদ্যুৎ পৌঁছায়নি। যেসব এলাকায় আছে, সেখানেও এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে, লোডশেডিং থাকে দুই ঘণ্টা। বেশির ভাগ ওয়ার্ডেই সড়কবাতি নেই। আবার কর্তৃপক্ষের দেওয়া তথ্যই বলছে, পৌরসভার ৩১৮টি পরিবারে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। বাস্তবে এ সংখ্যা আরও বেশি হবে।

পৌরসভার মেয়র আবদুল লতিফ বলেন, এ পৌরসভা অজপাড়াগাঁয়ে অবস্থিত। পৌরসভা হওয়ার মতো কোনো অবস্থা এখানে নেই। ঠিকমতো নাগরিক সেবা দিতে না পারায় তিনি আক্ষেপ করেন।