সেবায় সুস্থ হচ্ছে কালো শকুনটি
প্রায় দেড় মাস আগে ধরা পড়ে জনসাধারণের আক্রমণে আহত হয়েছিল বিরল প্রজাতির কালো শকুনটি (Cinereous Vulture)। ডানার পালকগুলো খসে পড়েছিল। হারিয়ে ফেলেছিল ওড়ার শক্তি। মানবিক শুশ্রূষা পেয়ে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে প্রাণীটি। হয়তো আর কিছুদিনের মধ্যে ডানা মেলে উড়াল দিতে পারবে শকুনটি। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং প্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জনতার হাতে ধরা পড়ে বিরল প্রজাতির এই কালো শকুন। শকুনটি বাংলাদেশে বিরল। শীতকালে অন্যান্য পাখির সঙ্গে বেড়াতে এলে মাঝেমধ্যে চোখে পড়ে। বন্য প্রাণী গবেষক তানিয়া খান গতকাল শনিবার প্রথম আলোকে জানান, গত ২৮ জানুয়ারি কালো শকুনটি ধরা পড়ার খবরটি তাঁরা জানতে পারেন। পরে এটিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মাধ্যমে মৌলভীবাজারে নিয়ে আসা হয়। জনসাধারণ ও শিশুদের আক্রমণে শকুনটির ডানার পালক (ফ্লাইট ফেদার) খসে পড়েছিল। এর আগে গত বছর (২০১২) ১৯ ডিসেম্বর শকুনটি আরেকবার জনসাধারণের হাতে ধরা পড়ে। তখন বিশ্বম্ভরপুর উপজেলা পশুসম্পদ বিভাগ প্রাথমিক চিকিৎসা দিয়ে পাখিটিকে ছেড়ে দেয়। কিন্তু শকুনটির ওড়ার শক্তি ছিল না বলে সে ধরা পড়ে যায়। গতকাল দুপুরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বর্ষিজুড়া ইকোপার্কের বিট কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সুস্থ করে তোলার জন্য একটি বড় খাঁচায় শকুনটিকে রাখা হয়েছে। সেখানে শকুনটিকে খাবার দেওয়া হচ্ছে। স্নান করানো হচ্ছে। মেছো বাঘ বা অন্যান্য মাংসাশী বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে রাতের বেলা বিট কার্যালয়ের একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় বন বিভাগের রেঞ্জার (বর্তমানে হবিগঞ্জের সাতছড়ির রেঞ্জ কর্মকর্তা) মুনির আহমদ খান ও তাঁর স্ত্রী বন্য প্রাণী গবেষক তানিয়া খান শকুনটির সার্বক্ষণিক শুশ্রূষা করছেন। মুনির আহমদ খান গতকাল প্রথম আলোকে বলেন, শকুনটি ঢাকা চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কোনোভাবে তাদের (চিড়িয়াখানা কর্তৃপক্ষকে) বুঝিয়ে এখানে রাখা গেছে। এখন সুস্থ হলে যে দেশের প্রাণী সে দেশে ছেড়ে দেওয়া উচিত। তবে পালক গজানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে হয়তো মাস দুয়েক সময় লাগতে পারে। তিনি জানান, বিরল প্রজাতির শকুনটি যাতে ভালোভাবে সুস্থ হয়ে ওঠে এ জন্য শকুন সংরক্ষণ সংস্থা সেভ প্রকল্পের ক্রিস ব্রুডেন ও প্রাণীবিদ ড. রেজা খানের নিয়মিত পরামর্শ নেওয়া হচ্ছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিরল প্রজাতির এই শকুনটিকে আমাদের লোকজন দেখাশোনা করছে। যত দিন ওড়ার মতো শক্তি পাবে না, তত দিন যত্ন করা হবে।’এদিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বর্ষিজুড়া ইকোপার্কের বিট কার্যালয়ে প্রায় পাঁচ সপ্তাহ লালন-পালনের পর গতকাল দুটি মেছো বাঘের বাচ্চা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত ২ জানুয়ারি এই বাচ্চা দুটিকে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামে আটক করা হয়েছিল।