সেবায়েত হত্যা : গ্রেপ্তার শিবির নেতা রিমান্ডে
পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে (৬২) হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা শিবিরের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আরিফুল ইসলামকে (২৩) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে আরিফুলকে পাবনা আমলি আদালত-১-এ হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক নাজিমুদ্দৌলা তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুন্সী আবু কুদ্দুস বলেন, আরিফুলকে গত শনিবার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি পড়ে গিয়ে আহত হন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ঘটনার পর থেকে তাঁর গতিবিধি ও কার্যক্রম সন্দেহজনক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছেন। ফলে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন দিক বিবেচনা করে মামলাটির তদন্ত করছি। সন্দেহভাজন হিসেবেই গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নেওয়া হয়েছে। সন্দেহের তালিকায় থাকা আরও অনেক কিছুই নজরদারিতে রাখা হয়েছে।’
গত শুক্রবার ভোর পাঁচটার দিকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে গেলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের আরুয়া কংসু গ্রামে। তিনি প্রায় ৩৫ বছর ধরে পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে সেবায়েতের দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন।
এর আগে গত সোমবার আবুল হাসেম (৩৮) নামের আরও একজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।