সেবায়েত হত্যার ঘটনায় একজন রিমান্ডে
পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে (৬২) হত্যা ঘটনায় গতকাল রোববার রাতে গ্রেপ্তার আবুল হাসেমকে (৩৮) আজ সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে। পাবনার ১ নম্বর আমলি আদালতের বিচারক নাজিমুদ্দৌলা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাসহ বিভিন্ন অপরাধের প্রায় ১২টি মামলা রয়েছে।
গতকাল সোমবার দুপুরে তাঁকে সেবায়েত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আমলি আদালত-১–এ হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, আবুল হাসেম একজন ভাড়াটে খুনি। সেবক হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অসামঞ্জস্য কথাবার্তা বলেন। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। তাই ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রাতে আরিফুল ইসলাম (২৩) নামে জেলা শিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল ) শেখ সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমরা সবদিক নজরে রেখেই তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। গ্রেপ্তারকৃত শিবির নেতা সুস্থ হয়ে উঠলে প্রয়োজনে তাঁকেও রিমান্ডে নেওয়া হবে।’
১০ জুন শুক্রবার ভোরে নিত্যরঞ্জন পাণ্ডে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। আশ্রমের পাশে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিত্যরঞ্জন পাণ্ডের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের আরুয়া কংসু গ্রামে। তিনি প্রায় ৩৫ বছর ধরে পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবায়েতের দায়িত্ব পালন করছিলেন। ঘটনায় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।