সেবিকা ও বাবুর্চির গর্ভপাত ঘটানোর চেষ্টা, গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভপাত ঘটানোর সময় গতকাল সোমবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহরবানু (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, ওই হাসপাতালের সেবিকা জাহানারা বেগম বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়া গর্ভপাত ঘটাতে গেলে শহরবানু মারা যান।ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাটুরিয়া থানাকে জানানো হলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি আপস করা হয়।সাটুরিয়া থানার পুলিশ, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্র জানায়, ঢাকার ধামরাই উপজেলার গাড়াইল গ্রামের সানোয়ার হোসেনের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শহরবানু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এরপর সেবিকা জাহানারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হাসপাতালের ভেতরে গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন। তাঁকে এ কাজে সহায়তা করেন হাসপাতালের বাবুর্চি লতা আক্তার। গর্ভপাত ঘটানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সকাল সাড়ে আটটার দিকে শহরবানু মারা যান।নিহত গৃহবধূর চাচা সাটুরিয়া উপজেলা মালসি গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন ঘটনার পর শহরবানুর ভাই রফিকুল ইসলাম বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদকে জানান। তাঁর নির্দেশে থানার উপপরিদর্শক শেখ সমশের আলী ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এরপর থানা থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তাই স্থানীয়ভাবে আপস রফায় রাজি হতে হয়। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পৃথ্বীশ কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরবানুর গর্ভপাত ঘটানোর আগে সেবিকা জাহানারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। এমনকি গর্ভপাতের আগে তাঁর কোনো পরীক্ষাও করাননি তিনি।অভিযুক্ত সেবিকা জাহানারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ। আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়।’