সেবিকা-সংকট, গাইনি বিভাগে প্রসূতিদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবিকা-সংকটে গাইনি বিভাগের চিকিৎসা কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়েছে। ভুক্তভোগী রোগীদের অভিযোগ, বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ এ সরকারি হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে সেবিকা-সংকট চরম আকার ধারণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।গাইনি বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের তিনটি ওয়ার্ডের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডটি হচ্ছে লেবার ওয়ার্ড। এ ওয়ার্ডে প্রসূতিদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এখানে ২৫টি শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে ৬০-৭০ জন। অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।হাসপাতালের গাইনি বিভাগের অপর দুটি ওয়ার্ড হচ্ছে ১৩ ও ১৪ নম্বর। এ দুটি ওয়ার্ডে তিনটি ইউনিট রয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডে ৪৫টি শয্যার বিপরীতে প্রতিদিন ৬০-৬৫ জন এবং ১৪ নম্বর ওয়ার্ডে ৪৪টির বিপরীতে ৮০ থেকে ১০০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি ধাপে সেবিকা নিযুক্ত করা হয়। সকাল ও বিকেলে দুজন এবং রাতে একজন করে সেবিকা রোগীদের সার্বিক দেখভাল করে থাকেন। অথচ রাতেও দুজন সেবিকা থাকার কথা।একই সূত্র জানায়, হাসপাতালের ৩০৮ জন সেবিকার স্থলে কর্মরত রয়েছেন ১৯৮ জন। সেবিকা-সংকটের কারণেই রাতের বেলা গাইনি ওয়ার্ডগুলোতে মাত্র একজন সেবিকা দিয়ে সেবা কার্যক্রম চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ সেবিকা বলেন, রাতের বেলা পুরো একটি ওয়ার্ডে মাত্র একজন সেবিকা দিয়ে কাজ চালাতে হয়। এ কারণে রোগীরা আশানুরূপ চিকিৎসাসেবা পাচ্ছে না।রোগীর সঙ্গে আসা আসমা আক্তার নামে এক নারী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমি গর্ভবতী একজনকে নিয়ে হাসপাতালে এসেছি। বিছানা না পেয়ে মেঝেতে শুয়েই রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর প্রয়োজনে তাৎক্ষণিক নার্সকে ডাকলে তিনি হাজির হন অন্তত আধা ঘণ্টা পর।’গাইনি বিভাগে কর্মরত একাধিক চিকিৎসক জানান, হাসপাতালে শয্যার সংকট থাকায় প্রসূতিদের প্রায় সময়ই মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এটি অমানবিক হলেও চিকিৎসক বা হাসপাতাল-সংশ্লিষ্টদের করার কিছুই নেই।হাসপাতালের উপপরিচালক এহেতাশামুল হক চৌধুরী বলেন, শুধু গাইনি বিভাগ নয়, সেবিকা সংকটের কারণে অন্যান্য ওয়ার্ডেও রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালটিতে ৫০০ শয্যার বিপরীতে যে পরিমাণ সেবিকা কর্মরত থাকার কথা, তার চেয়ে ১০০ জন সেবিকা কম আছেন। অথচ কর্মরত সেবিকাদের প্রতিদিন অন্তত দেড় হাজার রোগীকে সেবা দিতে হচ্ছে। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের ওষুধপত্র যথাসময়ে খাইয়ে দেওয়াসহ সেবার দিকগুলো পূরণের জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালের সেবিকা-সংকট নিরসন প্রয়োজন।