সেবিকাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন পাবনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষানবিশ সেবিকারা। এতে পাঁচ দিন ধরে সেবিকা-সংকটে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, শিক্ষানবিশ সেবিকাদের ওপর হাসপাতালের সেবা কার্যক্রম নির্ভরশীল। হঠাৎ তাঁরা হাসপাতালে আসা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে রোগীরা। হাসপাতালে অল্প কয়েকজন জ্যেষ্ঠ সেবিকা অতিরিক্ত দায়িত্ব পালন করে রোগীদের সেবা দিচ্ছেন। আন্দোলনরত সেবিকাদের দাবি, বিগত বছরগুলোয় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এবার সে সুযোগ দেওয়া হচ্ছে না। এতে অনুত্তীর্ণ ছয়জন সেবিকার জীবন থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে। বিষয়টি ইনস্টিটিউট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো কথা শোনেননি। ফলে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতি পালন করছেন।১১ অক্টোবর সকালে হাসপাতালে কথা হয় প্রসূতি বিভাগের রোগী তানিয়া খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘হাসপাতালে এমন অবস্থা আগে কখনো দেখিনি। অনেক ডাকাডাকি করেও একজন সেবিকা পাওয়া যাচ্ছে না।’ পাবনা নার্সিং ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত হালিমা খাতুন জানান, সেবিকাদের দাবি অযৌক্তিক। তাঁরা আন্দোলনের নামে রোগীদের হয়রানি করছেন। ২২ অক্টোবর অভিভাবকসহ সবাইকে ইনস্টিটিউটে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁরা যদি ওই দিন হাজির না হন, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।