সেবিকাদের কর্মবিরতি অব্যাহত, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেবিকাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সেবিকাদের র্কমবিরতি অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন সেবিকারা।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শিশুর স্বজনেরা চার সেবিকাকে মারধর করেন। এর মধ্যে গুরুতর আহত আরিফা খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিটিউটের সেবিকারা হাসপাতালে কর্মবিরতি শুরু করেন। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাঁদের স্বজনেরা। আন্দোলনরত সেবিকাদের দাবি, তাঁদের সহকর্মীদের ওপর হামলাকারীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।

গতকাল সকালে নার্সিং ইনস্টিটিউটের সেবিকারা জড়ো হয়ে হাসপাতাল চত্বরে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ সাইদুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। সেবিকাদের কাজে ফেরাতে দফায় দফায় আলোচনা চলছে।