সেবিকার অবহেলায় মৃত্যু!
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রবাল চক্রবর্তী নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। বিপজ্জনক মুহূর্তেও কেন অভিজ্ঞ ডাক্তারদের ডাকা হয়নি জানতে চাইলে, সেবিকা রুপালী দেবী এ প্রতিবেদককে বলেন, মহিলা চিকিৎসক না থাকায় পুরুষ চিকিৎসককে ডাকা হয়নি। পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামের সুমন ভট্টাচার্য জানান, তাঁর স্ত্রী মনি ভট্টাচার্যের (২২) প্রসববেদনা উঠলে তাঁকে ওই দিন সকাল সাড়ে ছয়টায় হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু সারা দিন কোনো ডাক্তার তাঁর স্ত্রীকে দেখেননি। কোনো চিকিৎসককে না পেয়ে বাসা থেকে সেবিকা রানু ভট্টচার্যকে নিয়ে আসা হয়। তিনি কোনো চিকিৎসা ছাড়াই বিকেল সাড়ে পাঁচটায় তাঁর স্ত্রীর কন্যাসন্তান প্রসব করান। কিন্তু জন্মের কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদক হাসপাতালের প্রসূতি বিভাগে গেলে তখন কোনো চিকিৎসকের দেখা মেলেনি। তাঁদের পরিবারের অভিযোগ, প্রসূতি মায়ের স্যালাইনটির সুঁই খোলা অবস্থায় ঝুলে ছিল। তখন কোনো সেবিকা ও চিকিৎসকও ছিল না। পরে বাসা থেকে রানুকে ডেকে এনে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। পরে বিকেল পাঁচটা ৫০ মিনিটে শিশুটির জন্ম হয়। নবজাতকটির মৃত্যুর পর সন্ধ্যা সাড়ে সাতটায় চিকিৎসক আসেন। চিকিৎসক প্রবাল চক্রবর্তী বলেন, ‘প্রসূতিকে কোনো পুরুষ চিকিৎসকের দেখার নিয়ম না থাকায় ওই সময় যিনি ডিউটিতে ছিলেন তিনি দেখেননি। কিন্তু রোগীর ভর্তির পর এবং সংকটাপন্ন অবস্থায় সিস্টার (নার্স) আমাদের জানাননি। জানালে সকালে যে গাইনি ও মহিলা মেডিকেল চিকিৎসক ছিলেন, তাঁদের দেখানো যেত। এতে তাঁরা ভুল করেছেন।’ এ ব্যাপারে সেবিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এ প্রতিবেদককে জানান।