সেবিকার অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত সেবিকার অবহেলায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে রবিউল (৭) নামের এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। সে তাড়াশ উপজেলার লাউশান গ্রামের ছহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত রবিউলকে গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাকে অক্সিজেন দেওয়া হয়। মা ফরিদা খাতুন অভিযোগ করেন, সেবিকাদের পালা বদল হলে পরবর্তী দায়িত্ব পান সেবিকা রাশেদা খাতুন। তিনি আর রোগীকে দেখতে আসেননি। এর মধ্যে রোগী সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে। সেবিকাকে ডাকার আধঘণ্টা পর তিনি রোগীর কাছে আসেন। ইতিমধ্যে রবিউল মারা যায়। তখন রাত আনুমানিক সাড়ে আটটা। এ ঘটনার পর হাসপাতালের অন্য রোগীদের আত্মীয়রা সেবিকাদের ওপর চড়াও হয়। তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনসহ অন্য চিকিৎসকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফরিদা খাতুন অভিযোগ করেন, অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ছেলে মারা গেছে। সেবিকা রাশেদা খাতুন দাবি করেন, ডাকার সঙ্গে সঙ্গে তিনি রোগীকে দেখতে যান। তিনি গিয়ে দেখেন শিশুটি মারা গেছে।