ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই। অভাব রয়েছে ভালো মানুষের। সেবিকার পেশার মতো মহৎ পেশায় নিজেকে নিযুক্ত করে সব অমঙ্গল থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করা সম্ভব।গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের সেবিকাদের শিরাবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের অবদানের কথা চিন্তা করেই দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে। সেই ৩০ লাখ মানুষের মধ্যে দানবীর রণদা প্রসাদ সাহাও একজন, যাঁর অবদান কুমুদিনী কল্যাণ সংস্থার মাধ্যমে দেশ আর্তমানবতার সেবায় অনেক সহযোগিতা পাচ্ছে।এর আগে দুপুরে কুমুদিনী হাসপাতালে এসে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি অধ্যাপক আরেফিন সিদ্দিককে স্বাগত জানান।