সেবিকার বাসায় প্রসব, দুই নবজাতকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই সেবিকার সরকারি বাসায় গত বুধবার দুই অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসব করানোর সময় দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার চন্দনগাঁতী গ্রামের অন্তঃসত্ত্বা নারী হাজেরা খাতুনের (২০) প্রসব ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা লিপিয়ারা খাতুনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি হাজেরাকে তাঁর বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে প্রসবের সময় ওই নবজাতকের মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় উপজেলার ধুকুরিয়াবেরা গ্রামের স্বপ্না (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসব করানোর জন্য একই স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা হাসিনার সরকারি বাসায় নেওয়া হয়। কিন্তু প্রসবের সময় ওই সন্তানের মৃত্যু হয়।জামাত আলী নামের স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, সেবিকারা নিজেদের সরকারি বাসায় ক্লিনিক খুলে বসেছেন। তাঁরা অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য কমপ্লেক্সে না পাঠিয়ে কৌশলে নিজেদের বাসায় নিয়ে যান। ওই বাসাগুলোতে সন্তান প্রসবে সহায়ক প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই। তাই নবজাতকদের এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে। অভিযোগ অস্বীকার করে জ্যেষ্ঠ সেবিকা লিপিয়ারা খাতুন বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই নারীকে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিই। কিন্তু তাঁর স্বজনেরা আমার বাসায় নিয়ে আসেন। বাচ্চাটি পেটের মধ্যেই মরে গিয়েছিল।’অন্যদিকে সেবিকা হাসিনা বলেন, ‘ওই রোগীর গর্ভপাত হয়ে গেছে। আমি রোগীকে দেখার আগেই এই ঘটনা ঘটে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলি। কিন্তু তাঁরা আমার বাসায় চলে আসেন।’ওই দুই নবজাতকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে না পাঠিয়ে সেবিকাদের নিজেদের বাসায় নিয়ে অন্তঃসত্ত্বা নারীদের সন্তান প্রসব করানো উচিত হয়নি। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।