সেবিকার ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে গতকাল বুধবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত এক নবজাতকের মৃত্যু হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, হাসপাতালের এক সেবিকা অক্সিজেনের মাস্ক খুলে ফেললে তার মৃত্যু হয়।সদর হাসপাতাল ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, জেলার শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের আইয়ুব আলীর স্ত্রী সেলিনা আক্তারের প্রসব ব্যথা উঠলে সোমবার বিকেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেলিনার একটি ছেলে হয়। জন্মের পরপরই শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাকে সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।নবজাতকের মামা হালিম মোল্লা বলেন, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার রাতে তাঁর ভাগনেকে অক্সিজেন দেন। কিন্তু হাসপাতালের এক সেবিকা গতকাল ভোর পাঁচটার দিকে অক্সিজেনের মাস্ক খুলে নিয়ে অপর এক শিশুকে দেন। সকাল সাতটার দিকে তাঁর ভাগনের মৃত্যু হয়।হালিম অভিযোগ করেন, অক্সিজেন খুলে নেওয়ায় তাঁর ভাগনের অবস্থার অবনতি ঘটতে থাকে। অক্সিজেন খুলে নেওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে মনে করেন হালিম।সদর হাসপাতালের চিকিৎসক পবিত্র কুমার সরকার বলেন, ‘ব্যবস্থাপত্র দেখে ওই নবজাতককে অক্সিজেন দিতে সেবিকা আলেয়া রহমানকে পরামর্শ দেওয়া হয়। পরে কী ঘটেছে, তা আমার জানা নেই।’সেবিকা আলেয়া রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, শিশুটির মুখ থেকে অক্সিজেন খোলা হয়নি। প্রচণ্ড নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় শিশুটির মৃত্যু হতে পারে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন শিশু ভর্তি হয়। অধিকাংশ শিশুরই অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালে বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার থাকলেও অক্সিজেন দেওয়ার যন্ত্র রয়েছে পাঁচটি। এই পাঁচ যন্ত্র দিয়েই শিশুদের পর্যায়ক্রমে অক্সিজেন দেওয়া হয়।অক্সিজেন খুলে নেওয়ায় ওই শিশুর মৃত্যুর অভিযোগ সঠিক নয় দাবি করে আরএমও বলেন, অক্সিজেন যদি খোলাই হতো, তাহলে দুই ঘণ্টা পর নয়, সঙ্গে সঙ্গে শিশুটি মারা যেত। তা ছাড়া হাসপাতালে ভর্তির আগেই শিশুটির অবস্থা গুরুতর ছিল।