সেবিকার লাশের ময়নাতদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে উদ্ধার হওয়া সেবিকা খাইরুন্নেসার লাশের ময়নাতদন্ত গতকাল বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বাসিন্দা খাইরুন্নেসার ছোট বোন হাজেরা খাতুন বলেন, ‘আমার বোন খাইরুন্নেসাকে প্রাইভেট ক্লিনিকের (পপুলার ডায়াগনস্টিক সেন্টার) মালিক পলাশ হোসেন হত্যা করেছেন।
এ কাজে তাঁকে সহায়তা করেছেন ক্লিনিকের চিকিৎসক রবিউল আলম। এখন হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পুলিশ খাইরুন্নেসার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেনি। আমি শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছি। ওই সময় আমার সঙ্গে চৌডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনসার আলীও উপস্থিত ছিলেন।’
আনসার আলী বলেন, ‘পিতা-মাতাহীন খাইরুন্নেসার সঙ্গে ক্লিনিকের মালিক পলাশ হোসেন অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ পেয়েছি। আমরা প্রতিবেশী ও স্বজনেরা খাইরুন্নেসার বিয়ে ঠিক করেছিলাম।
এ জন্য প্রায় ২৫ দিন আগে তাঁকে বাড়ি নিয়ে আসার জন্য যাই। কিন্তু পলাশ হোসেন তাঁকে আসতে দেননি। ১৫ দিন ধরে খাইরুন্নেসার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। তাঁর আয়ে ছোট দুই ভাইবোন লেখাপড়া করত।’
শিবগঞ্জ থানার ওসি এম এম মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার পলাশ হোসেন ও রবিউল আলমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। হত্যার প্রমাণ পাওয়া গেলে পরে হত্যা মামলা দায়ের করা হবে।