সেবিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, মামলা
চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় অবস্থিত চিটাগং ইউরোলজি সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনেছেন ওই হাসপাতালের এক সেবিকা। এই অভিযোগে জাহাঙ্গীর হোসাইন নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন অভিযোগকারী সেবিকার বোন।জানা গেছে, জাহাঙ্গীর হোসাইন চিটাগং ইউরোলজি সেন্টারের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। গত বৃহস্পতিবার রাতে তিনি তাঁর হাসপাতালের সেবিকাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তাতে ব্যর্থ হয়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে মামলায় অভিযোগ করা হয়। গতকাল শুক্রবার সকালে পাঁচলাইশ থানার পুলিশ ওই সেবিকাকে উদ্ধার করে।গতকাল ভুক্তভোগী সেবিকা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজ শেষ করে হাসপাতালে সেবিকা কক্ষে তিনি শুয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে জাহাঙ্গীর তাঁর কক্ষে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁকে চড়-থাপড় মারেন ও মাথা দেয়ালে ঠুকে দিতে থাকেন। পরে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়। পরে এক সহকর্মীর সহায়তায় তিনি স্বজনদের খবর দেন। তাঁরা পুলিশে খবর দেন।এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আসামিকে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে জাহাঙ্গীর হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ করা হয়েছে বলে তিনি দাবি করেন।