কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা-সংকটের কারণে নতুন ভবন নির্মাণের প্রায় ছয় বছর পরও ওই ভবনে পুরুষ ও মহিলা ওয়ার্ড চালু করা সম্ভব হচ্ছে না।
ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে সেবিকার মোট ১৫টি পদ রয়েছে। এর মধ্যে কাগজে-কলমে ১১ জন সেবিকা (একজন সেবক) কর্মরত থাকলেও তাঁদের মধ্যে ছয়জনই কাজ করেন অন্যত্র। মাসের শেষে তাঁরা তাড়াইলে এসে বেতন নিয়ে যান। একজন সেবিকা যোগদান করার পর কর্মস্থলে আসেননি। একজন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে।
বর্তমানে এই হাসপাতালে কাজ করছেন তিনজন সেবিকা। নার্সিং সুপারভাইজার ও সহকারী নার্সিং সুপারভাইজারের পদ দুটি একযুগ ধরে শূন্য রয়েছে। সেবিকা-সংকটের কারণে এই হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।
সূত্র জানায়, সেবিকা শিউলি সুলতানা ২০১০ সালের ১৫ জুলাই তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার ছয় দিন পর ২১ জুলাই প্রেষণে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। ওই বছরের ১২ জুলাই রিমা আক্তার যোগ দেন। ২০১৩ সালের ৩ অক্টোবর সংযুক্তিতে তিনি কিশোরগঞ্জ জেলা হাসপাতালে যোগ দেন। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর রিজিয়া খাতুন যোগদান করেন এবং দুই মাস পর ২৪ নভেম্বর প্রেষণে তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চলে যান।
আফিয়া খাতুন ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর তাড়াইলে যোগদান করে চলতি বছরের ২৬ আগস্ট প্রেষণে গাজীপুর সদর হাসপাতালে যোগ দেন।
নাসিমা আক্তার ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর যোগদান করেন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর একইভাবে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। সেবক আবদুল জব্বার ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর তাড়াইলে যোগদানের পর এ বছরের ১০ এপ্রিল প্রেষণে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেছেন।
সেবিকা সেলিনা আক্তার ২০১৩ সালের শেষের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর তিনি আর কর্মস্থলে আসেননি। কর্মরত চারজন সেবিকার মধ্যে শেফালি খাতুন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মাত্র তিনজন সেবিকা দিয়ে চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বর্তমানে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কোনো সংকট নেই। কিন্তু সেবিকা না থাকায় রোগীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এহসানুল হক বলেন, ‘১১ জন সেবিকার (একজন সেবক) স্থলে ছয়জন অন্যত্র কাজ করে এখান থেকে বেতন নিচ্ছেন।
ফলে চিকিৎসাসেবা ব্যাহত হলেও কিছুই করার নাই। সেবিকা-সংকটের কারণে নতুন ভবনে ওয়ার্ডগুলো চালু করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত প্রথম আলোকে বলেন, তাড়াইলসহ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সেবিকার সংকট রয়েছে। নতুন ১০ হাজার সেবিকা নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন সেবিকারা নিয়োগ পেলে এ সমস্যা থাকবে না।