সেমাই ও জুস কারখানার মালিককে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও জুস জুস তৈরিতে ফুড গ্রেডের রং ব্যবহার না করায় কেরানীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো কেরানীগঞ্জ মডেল থানাধীন ছোট কুশিয়ারবাগ এলাকার সুমা ফুড প্রডাক্টস নামের সেমাই কারখানা ও অন্যটি কালিন্দি এলাকার লাইফ টাচ এগ্রো ফুড লিমিটেড নামে জুস কারখানা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১০ এর সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শামিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য সুমা ফুড প্রডাক্টসের মালিক শিপন পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ সময় মালিক উপস্থিত না থাকলেও ছিলেন তাঁর শ্যালক রাধাকান্ত দাস। আর জুস তৈরিতে ফুড গ্রেডের রং ব্যবহার না করায় লাইফ টাচ এগ্রো ফুড লিমিটেডের মালিক মো. গিয়াস উদ্দিনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে জুস তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।