সিরাজগঞ্জে সেমাই কারখানাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন। গাইবান্ধায় নয়টি হোটেল ও একটি বেকারির মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। কুমিল্লার বরুড়ায় আদালত অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল আহসান, মোতাকাব্বির, শৌহেলী লায়লা, নাসরিন সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা র্যাব-১২ ও পুলিশের সহাতায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অভিযোগে রেলওয়ে কলোনি এলাকার রিক্তা ফুড প্রডাক্টকে ২০ হাজার, মিরপুর এলাকার রিমু ফুড প্রডাক্টকে ৩০ হাজার, জেমি ফুড প্রডাক্টকে ১৪ হাজার এবং ২ নম্বর খলিফাপট্টির ঠান্ডু হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় অপরিষ্কার ও পচাযুক্ত দ্রব্য জনসমক্ষে ধ্বংস করা হয়। গাইবান্ধা: ভেজাল, অপরিচ্ছন্ন ও খোলা খাবার রাখার অভিযোগে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা শহরের নয়টি হোটেল ও একটি বেকারির মালিকের কাছ থেকে প্রায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ২১টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে চার ব্যক্তিকে ২০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহম্মদ শাহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব-৫ ও পুলিশ এই পরিমাণ জরিমানা আদায় করে। বরুড়া (কুমিল্লা): কুমিল্লার বরুড়ায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে পৌর এলাকার বরুড়া বাজারে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলে। বরুড়া বাজারে যানজট নিরসনের জন্য ফুটপাত দখলমুক্ত করে দুটি সড়ক একমুখী চলাচলের ব্যবস্থা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রি ও যত্রতত্র গাড়ি রাখার দায়ে ১৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ইয়াছিনের কম্পিউটার দোকানে পর্নো ছবি রাখার দায়ে দুটি কম্পিউটার জব্দ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌর মেয়র বাহাদুরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম চৌধুরী, বাজার কমিটির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাজারের যানজট নিরসন এবং ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।