সেমাই-চিনি-মসলার দোকানে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আয়োজনে অতিথি আপ্যায়নে সেমাইয়ের কদর সবচেয়ে বেশি ষ ছবি: প্রথম আলো
ঈদের আয়োজনে অতিথি আপ্যায়নে সেমাইয়ের কদর সবচেয়ে বেশি ষ ছবি: প্রথম আলো

কেনাকাটা নিয়ে জীবনযাত্রা এখন ব্যতিব্যস্ত। হাতে সময় আর বেশি নেই। দরজায় কড়া নাড়ছে ঈদ।
নতুন জামাকাপড় কিংবা গৃহসজ্জার সামগ্রী কেনা প্রায় শেষ। রসনাপ্রিয় বাঙালি মুসলমানের জন্য ঈদের দিন খাদ্যের বিশেষ আয়োজন তো থাকতেই হবে।
যুগ যুগ ধরে চলে আসা ঈদের আয়োজনের মূল খাদ্য হলো সেমাই-ফিরনি। ঈদের নামাজ শেষ করেই সবাই বেরিয়ে পড়বেন এ বাড়ি ও বাড়ি ঈদের শুভেচ্ছা বিনিময়ে। সেই শুভেচ্ছায় অতিথি আপ্যায়নে ধনী-গরিব সবার ঘরেই চাই ঈদের দিনের সেমাই-ফিরনি। তাই সেমাই-চিনি, পোলাওয়ের চাল কিনতে পারা মহল্লার মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও চেইন শপগুলোতে ছুটছেন ক্রেতারা।
এবারের রমজানের শুরুর দিকে ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন জায়গা থেকে ভেজাল সেমাই উদ্ধার করেছেন। এতে জনমনে আসল ও নকল সেমাই নিয়ে শঙ্কা দেখা দেয়। চিনি ও পোলাওয়ের চাল আর মসলার দামও বাড়তি। আর দুধের বাজারে তো রীতিমতো আগুন। কিন্তু ঈদের দিন ঘনিয়ে আসতেই এসব সমস্যার কোনোটাই পাত্তা পাচ্ছে না ক্রেতার কাছে। ঈদ বলে কথা। রাজধানীর বিপণিগুলোতে চলছে বাংলা সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, নারকেল, কিশমিশ, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, ঘি, সয়াবিন, সুগন্ধি চাল, প্যাকেটজাত খাবার, টক ও মিষ্টি আলুবোখারা, চেরি ফলসহ বিভিন্ন ধরনের সস, মসলা ও ফলমূলের বেচাকেনা পর্ব। পুরান ঢাকার রায় সাহেব বাজার, কাপ্তানবাজার, খিলগাঁও, শান্তিনগর, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, মোহাম্মদপুরের কৃষি মার্কেট, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, পলাশী, তেজগাঁও, হাতিরপুলসহ বিভিন্ন চেইন শপে ক্রেতাদের ভিড় ছিল ব্যাপক।

বাজারে লম্বা সাদা ও লাল সেমাই, খোলা ও প্যাকেট লাচ্ছা সেমাই বিক্রির ধুম পড়েছিল গতকাল বুধবার। দরদাম জানতে চাইলে দয়াগঞ্জ বাজারের সিগমা স্টোরের বাদশা মিয়া দাবি করলেন, বিভিন্ন কোম্পানির সেমাই নির্দিষ্ট দামেই বিক্রি হচ্ছে। অন্যান্য পণ্যেরও দাম বাড়ানো হয়নি। তবে ক্রেতাদের মুখে শোনা গেল উল্টো কথা। খুচরা বাজার করতে আসা তৌহিদ জানান, গেল সপ্তাহে যে দামে সেমাই কিনেছেন ইফতারের জন্য, সেই একই সেমাই ১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। বাজারে খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকায়। খোলা সেমাইয়ের দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত আছে প্যাকেটজাত বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের দাম। খোলা সেমাই প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। ২০০ গ্রামের বিভিন্ন ব্র্যান্ডের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাই ৩০ থেকে ৪০ টাকা, নুডলসের ফ্যামিলি প্যাক ১১০ থেকে ১৩০, ফালুদার তৈরির কাঁচামালের প্যাকেট ৬০ থেকে ৭০ এবং ক্ষীরমিক্স ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে চিনিগুঁড়া পোলাওয়ের চাল খুচরা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি। বিক্রেতারা জানান, গত বছরের মতো এবারও ঈদের সময় তরল দুধের সংকট থাকবে বাজারে। এর কারণ হিসেবে তাঁরা জানান, বাজারে প্যাকেট তরল দুধের সরবরাহকারীরা ঈদের তিন দিনের ছুটিতে দুধ সরবরাহ করবেন না। তাই তরল দুধের বেশ সংকট থাকবে।

যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করে; ঈদুল ফিতরের ক্ষেত্রে প্রতিবছরই এ রকম একটি অনিশ্চয়তা থাকে। কিন্তু এ অনিশ্চয়তায় পড়ে না থেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসী। এই ব্যস্ততা থাকবে ঈদের আগের ভোর পর্যন্ত।