সেমাইয়ে বিষাক্ত রং কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও বিষাক্ত রং ব্যবহার করায় রংপুরে তিনটি সেমাই কারখানা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এই তিনটিসহ চারটি সেমাই কারখানাকে গতকাল বৃহস্পতিবার এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের। আদালত শহরের মুলাটোলে অবস্থিত জ্যোতি লাচ্ছা সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা, রেলওয়ে স্টেশন এলাকার আবেদের লাচ্ছা কারখানাকে ৩০ হাজার এবং দর্শনা এলাকার নিম লাচ্ছা কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিষাক্ত রংমিশ্রিত বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়। সেই সঙ্গে ওই তিনটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।এর আগে গত ১০ আগস্ট অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত আলমনগর এলাকার ছুনু মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। তাঁর কারখানা থেকে খাওয়ার অযোগ্য ৫০ মণ সেমাই উদ্ধার করে নদীতে ফেলে দেওয়া হয়। রংপুরে যেসব প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে, তাদের কারও পৌরসভা বা পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা—বিএসটিআইয়ের কোনো লাইসেন্স নেই। রং ভালো রাখতে সেমাইয়ে ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ।সরেজমিনে দেখা যায়, শহরের আলমনগর ও বাবুপাড়াসহ এর আশপাশের কয়েকটি এলাকায় গড়ে ওঠা ৫০টির বেশি ছোট ছোট কারখানায় সেমাই তৈরির কাজ চলছে। জেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবার রহমান বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা সেমাই বাজারজাত করছে।’রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান জাকির হোসেন বলেন, ‘পশুর চর্বি থেকে তৈরি কেমিক্যাল দিয়ে সেমাই খেলে কিডনি ও যকৃতে বিভিন্ন ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে। এতে হজমশক্তি লোপ পায়।’পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘ওই এলাকার সেমাই কারখানাগুলো রোজার মাসের আগে দেখা যায়। আর এসব প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার জন্য নেই কোনো ট্রেড লাইসেন্স।’