সেমাইয়ের চাহিদা শুধু ঈদের দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ঈদ-রোজা ছাড়াও বছরজুড়ে মেহমান আপ্যায়ন বা নাশতার টেবিলে সেমাইয়ের দারুণ কদর ছিল। আর ঈদের দিনটিতে প্রতি ঘরেই তৈরি হতো সেমাইয়ের নানা পদ। এখন দিন বদলেছে, মানুষের রুচিও পাল্টে গেছে। ঈদের খাবারের তালিকাতেও সেমাই আর আগের মতো কদর পায় না। সে কারণে সেমাইয়ের বেচাকেনাও কমে গেছে।

সেমাই উৎপাদনকারী ও বেচাকেনায় জড়িত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। সেমাইয়ের বেচাকেনা এখন মৌসুমভিত্তিক হয়ে গেছে বলে জানালেন ব্যবসায়ীরা। তাঁরা জানান, এখন শুধু ঈদের দিনে সেমাই রান্না হয়। সেমাই উৎপাদনকারী কারখানাগুলোও তাই ঈদের দিনের চাহিদাকে লক্ষ্য করে সেমাই উৎপাদন করে। তা-ও খোলা সেমাই তেমন চলে না। বাজারে বিক্রি হওয়া সেমাইয়ের বড় অংশই প্যাকেটজাত সেমাই।

নগরের ফয়ে’স লেক এলাকার বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ৮-১০ বছর আগেও তিনি ঈদের দিন সেমাইয়ের কয়েকটি পদ করতেন। কিন্তু এখন সেমাই খেতে আগ্রহীর সংখ্যা কম। সে কারণে এবারের ঈদে বড়জোর সেমাইয়ের একটি পদ করবেন।

গত বৃহস্পতিবার খুচরা বাজারে দেখা যায়, বিভিন্ন ধরনের সেমাইয়ের মধ্যে বাজারে চট্টগ্রামের বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে বেশি। এর মধ্যে রয়েছে ওয়েল ফুড, ফ্লেভারস, কিষোয়ান ইত্যাদি ব্র্যান্ড। ২০০ গ্রাম ও ৪০০ গ্রামের প্যাকেটে এসব সেমাই বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্রান্ডের ২০০ গ্রামের প্যাকেটজাত সেমাই ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ফ্লেভারস ব্র্যান্ডের সেমাই ৪০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। একই ওজনের ওয়েলফুডের সেমাই বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্লেভারসের মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, এখন শুধু ঈদের দিন সেমাইয়ের চাহিদা রয়েছে। গ্রাহকেরা সেমাইয়ের মানকেও গুরুত্ব দিচ্ছে বেশি।

বাংলা সেমাই হিসেবে পরিচিত খোলা সেমাই পাঁচ-সাত বছর আগে সবচেয়ে বেশি চলত গরিব ও নিম্মবিত্ত পরিবারে। কম দামের এই সেমাই দিয়ে ঈদ উৎসব উদ্‌যাপন করত নিম্নআয়ের মানুষেরা। এই শ্রেণির মানুষের মধ্যেও কমে গেছে সেমাইয়ের চাহিদা। খোলা স্থানে এই সেমাই শুকানো হয়।

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই এলাকায় অল্প পরিমাণে খোলা সেমাই উৎপাদন হয়। একসময় চাক্তাই থেকে এসব সেমাই চট্টগ্রাম জেলার সব উপজেলায়ও যেত। চাহিদা কমায় চাক্তাই এলাকাতে সেমাইয়ের কারখানার সংখ্যা কমেছে। সাত বছর আগেও চাক্তাই এলাকায় ৩৫টি কারখানা ছিল সেমাইয়ের। চাহিদা না থাকায় তাঁর কারখানাসহ ২৫টিরও বেশি সেমাই কারখানা বন্ধ হয়ে গেছে।