ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাইবার নিরাপত্তাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সায়েন্স গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য শাহিনুর রহমান। সেমিনারে সাইবার অপরাধের সংজ্ঞা, ধরন, সাইবার নিরাপত্তা রক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করেন ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক (জনসংযোগ) আতিকুল ইসলাম। সাইবার অপরাধের বিভিন্ন শাস্তি ও এর আইনগত দিক সম্পর্কে আলোচনা করেন ফাউন্ডেশনের লিগ্যাল কনসালট্যান্ট মাহফুজুর রহমান।