দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গত সাত-আট বছরে দেশের প্রায় ১৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘২০২১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ: ছাত্র শিক্ষক সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সুচিন্তা বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এবং সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীণ আখতার, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়।