রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বাংলার চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন, বুদ্ধদেব দাশগুপ্তের চলচ্চিত্রশৈলী ও সিনেমাটোগ্রাফি নিয়ে সেমিনার ও তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হওয়া সেমিনারের প্রথম সেশনে ‘বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সভাপতি জুনায়েদ হালিম। এ সময় বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে। দুই বাংলার চলচ্চিত্র উৎসবের সদস্যসচিব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাজ্জাদ বকুলের সঞ্চালনায় সেমিনারের দ্বিতীয় সেশনে ‘বুদ্ধদেব দাশগুপ্তের চলচ্চিত্রশৈলী; প্রসঙ্গ “উত্তরা”’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও শিক্ষক সাজেদুল আউয়াল। পরে ‘বাংলাদেশের চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের বিশিষ্ট সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যৌথ আয়োজনের এই উৎসবে গতকাল বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সত্যজিৎ রায়ের আগন্তুক, আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা এবং নাসির উদ্দীন ইউসুফের একাত্তরের যীশু তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।