সেমিনার শেষ হলো জাতীয় প্রেসক্লাব ভাঙনের সুর দিয়ে
হীরকজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজন করেছিল বাংলাদেশের সাংবাদিকতা বিষয়ে এক সেমিনার। কিন্তু বক্তাদের আলোচনা শেষ পর্যন্ত গড়ায় পেশাদার সাংবাদিকদের ক্লাবের সদস্যপদ না পাওয়ার দিকে। সাংবাদিকদের রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়ার কুফল নিয়েও আলোচনা হয় ওই সেমিনারে।
সেমিনারটি শেষ হয় জাতীয় প্রেসক্লাব ভাঙনের সুর দিয়ে। কেউ বলেন, প্রেসক্লাব ভাঙবেই ভাঙবে। কেউ বা বলেন, প্রেসক্লাবকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে।
সরকার-সমর্থক ও বিরোধী বলে পরিচিত সাংবাদিকদের দুই ফোরামের নেতারাই স্বীকার করলেন, ইউনিয়ন বিভক্ত হওয়ার জন্য সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন প্রেসক্লাব ভাঙলে সাংবাদিকদের অস্তিত্বের সংকট তৈরি হবে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গড়ে ওঠা সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন রাজনৈতিক কারণে ও ব্যক্তিস্বার্থে পণ্ড হয়েছে বলেও কয়েকজন বক্তা অভিযোগ করেন।
গতকাল শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ওই সেমিনারের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের সাংবাদিকতা ও জাতীয় প্রেসক্লাব’। একই অনুষ্ঠানে ক্লাবের সাবেক ১২ জন সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট দিয়ে হীরকজয়ন্তীর সম্মাননা জানানো হয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর ২৭ জন সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের নেতৃত্ব দিয়েছেন।
ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, প্রেসক্লাব এখন সাংবাদিকদের জায়গা নয়। এখানে সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে ভোটের চিন্তাই আগে আসে। এ অবস্থায় দাবি ও আওয়াজ উঠেছে ক্লাব ভেঙে দেওয়ার। সেমিনারের শেষভাগে মাইক্রোফোন নিয়ে তিনি আবারও বলেন, ‘এই ক্লাব ভাঙবেই ভাঙবে। কেউ ঠেকাতে পারবে না।’
ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, ক্লাবের ঐক্য কেউ কোনো দিন ভাঙতে পারবে না। তিনি সেমিনারটি বার্ষিক সাধারণ সভার মতো হয়ে যাচ্ছে বলে মত দিয়ে বলেন, আজকের সেমিনার ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও পথনির্দেশনা এবং সাংবাদিকতার গুণমান ও অবস্থা নিয়ে। ব্যক্তিগত ও দলীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে ক্লাবকে না দেখার অনুরোধ জানান তিনি।
ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘বহুমতের প্রতিফলন ঘটানোর একটি জায়গা প্রেসক্লাব। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ক্লাব চত্বরকে “ডেমোক্রেসি স্কয়ার” নাম দেওয়া হয়েছিল। সেই ক্লাব লেজুড়বৃত্তি, দলীয় স্বার্থসিদ্ধি ও ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কারণে সমালোচিত হচ্ছে। তার পরও বলব, অন্যান্য পেশার সঙ্গে তুলনা করলে সাংবাদিকতা এখনো ততটা পচে যায়নি।’
সেমিনারে বক্তব্য দেন ক্লাবের সাবেক দুই সভাপতি এ এস এম হাবিবুল্লাহ ও সৈয়দ কামালউদ্দিন আহমেদ। প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন আবদুর রহিম, আবদুল জলিল ভূঁইয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, স্বপন কুমার সাহা, সালেহ চৌধুরী, আবদুস শহীদ প্রমুখ।
ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সেমিনার সঞ্চালনা করেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা মূসা ঝুমা।
অনুষ্ঠানে ক্রেস্ট নেন হাসানউজ্জামান খান, এ এস এম হাবিবুল্লাহ, সৈয়দ কামালউদ্দিন প্রমুখ। সেমিনারের শেষভাগে যোগ দিলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাবেক সভাপতি হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।