রক্তরোগ বিশেষজ্ঞরা বলেছেন, রক্ত পরিসঞ্চালনে অনেক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে রক্তের অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে। রক্ত নেওয়ার ক্ষেত্রে কেবল রক্তের যে উপাদান প্রয়োজন, শুধু সেই উপাদান নেওয়া ভালো। রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার সকালে ‘রক্তের যৌক্তিক ব্যবহার’ শিরোনামে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মনজুর মোর্শেদ বলেন, শরীরে রক্ত কেন কমে যাচ্ছে, সেটা আগে জানা দরকার এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া দরকার। কিন্তু এ দেশের চিকিৎসকেরা রক্তের লোহিত কণিকা কমে গেলেই রক্ত নিতে বলেন। রক্তের এই অপ্রয়োজনীয় ব্যবহার ঠেকাতে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। তিনি বলেন, রক্তের যে উপাদান রোগীর প্রয়োজন, শুধু সেই উপাদান দেওয়া ভালো। রক্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ রক্ত রোগীর শরীরে দেওয়া উচিত না। রক্তের চাহিদা অন্যভাবে পূরণ করা গেলে রক্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ, রক্ত নিলে রোগীর মৃত্যুঝুঁকি থাকে।
থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবদুর রহিম বলেন, থ্যালাসেমিয়ার রোগীরা প্রতি মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত নিয়ে বেঁচে থাকেন। দেশে রক্তের দীর্ঘমেয়াদি ঘাটতি থাকার পরও অনেক সময় রক্তের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ব্যবহার লক্ষ করা যায়। এই রক্ত অন্য রোগীর জীবন বাঁচাতে কাজে লাগতে পারে।
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান অধ্যাপক আসাদুল ইসলাম বলেন, দেশে রক্তের ৩০ শতাংশ স্বেচ্ছা রক্তদাতাদের মাধ্যমে সংগ্রহ করা হয়। বাকি ৭০ শতাংশ রোগীর আত্মীয়রা দান করেন। আগামী পাঁচ বছরে স্বেচ্ছায় রক্তদানের পরিমাণের লক্ষ্য শতভাগ হওয়া জরুরি।