সেমিস্টার ফি বাতিলের দাবিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের (লেভেল-২, সেমিস্টার-১) শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।
জানা গেছে, সকাল ১০টার দিকে সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসন ভবনের সামনে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্থান প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে শেষ হয়। পরে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ওই শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করেন তাঁরা৷ সমাবেশে অবৈধ সেমিস্টার ফি বাতিল এবং বর্ধিত টিএসসি উন্নয়ন ফি, ছাত্র সংসদ ফি ও ইন্টারনেট ফি প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি না মানলে পরে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
ছাত্রবিষয়ক উপদেষ্টা জহিরুল হক খন্দকার জানান, এ বিষয়ে ছাত্রবিষয়ক বিভাগের কিছু করার নেই৷