সেমিস্টার ফি বাতিলের দাবিতে ফের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ সোমবার সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের লেভেল-২, সেমিস্টার-১-এর শিক্ষার্থীরা বেশ কয়েকবার আন্দোলন করলেও প্রশাসন সেমিস্টার ফি বহালের সিদ্ধান্তে অটল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অনুষদের দ্বিতীয় বর্ষের সাত শতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন অনুষদ ভবন, প্রশাসন ভবন, কামাল-রঞ্জিত মার্কেট ও জব্বার মোড় প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ’৭১-এর পাদদেশে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে তাঁরা অতিরিক্ত সেমিস্টার ফি বাতিল এবং বর্ধিত টিএসসি উন্নয়ন ফি, ছাত্র সংসদ ফি ও ইন্টারনেট ফি প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে প্রশাসনকে হুঁশিয়ারি দেন তাঁরা। একই দাবিতে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় বিজয় ’৭১-এর পাদদেশে সমবেত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

রেজিস্ট্রার ভবনে শিক্ষাবিষয়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার আগে প্রত্যেক শিক্ষার্থীকে অন্যান্য ফিসহ একটি নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হয়। আগে এই ফি ৫৮০ টাকা ছিল। এখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এক হাজার ২০০ টাকা অতিরিক্ত ফি চাপিয়ে দিয়েছে প্রশাসন। জানু-জুন/১৪ সেমিস্টারের পর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরও এ সেমিস্টার ফি দিতে হবে।

গত ২১ মে একাডেমিক কাউন্সিলের ১৭৭তম সভায় সেমিস্টার ফি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এরপর ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট কয়েকবার বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

গত রোববার রাতে উপাচার্য মো. রফিকুল হক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রতিনিধিদের সেমিস্টার ফি বহাল থাকবে বলে জানিয়ে দেন ।

এ বিষয়ে আজ উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘তাদের আন্দোলন অযৌক্তিক। এখানে আমার কিছু করার নেই।’